নৈশভোজে হালকা মেজাজে ওবামা-রমনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে বিতর্কের পর আবারও এক মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী বারাক ওবামা ও মিট রমনি। তবে এবার বিতর্ক করতে নন, একটি দাতব্যপ্রতিষ্ঠানের তহবিল সংগ্রহের অনুষ্ঠানে এক নৈশভোজে অংশ নেন তাঁরা। সেখানে মজাও করেন দুই প্রার্থী।রোমান ক্যাথলিক দাতব্যপ্রতিষ্ঠান আলফ্রেড স্মিথ ফাউন্ডেশন নিউইয়র্কের দরিদ্র শিশুদের নিয়ে কাজ করে। সেই ফাউন্ডেশনের বার্ষিক নৈশভোজে গত বৃহস্পতিবার যোগ দেন ওবামা ও রমনি। এবার প্রতিষ্ঠানটি ৫০ লাখ মার্কিন ডলার তহবিল সংগ্রহ করতে পারবে বলে আশা করা হচ্ছে।নিউইয়র্কের ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া হোটেলে আয়োজিত ওই নৈশভোজে ওবামা ও রমনি পাশাপাশি বসেন। দুই প্রার্থীই বেশ হালকা মেজাজে হাস্যোজ্জ্বল ছিলেন। পরস্পরের সঙ্গে মজাও করেন তাঁরা। অনুষ্ঠানে একটি গানের অংশও গেয়ে শোনান ওবামা।অনুষ্ঠানে দ্বিতীয় বিতর্কে ভালো করা প্রসঙ্গে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ওবামা বলেন, ‘আমি দ্বিতীয় বিতর্কের আগে অনেক বিশ্রাম পেয়েছি, প্রথম বিতর্কের আগে যা পাইনি।’ এমন একটি আয়োজন করার জন্য রিপাবলিকান পার্টির প্রার্থী রমনি ধন্যবাদ জানান আলফ্রেড স্মিথ ফাউন্ডেশনকে। তিনি বলেন, ‘আমরা এখানে চমৎকার গল্প করেছি, গত মঙ্গলবার রাতে (দ্বিতীয় বিতর্কের দিন) যেটা সম্ভব ছিল না।’মার্কিন কনফারেন্স অব ক্যাথলিক বিশপের প্রেসিডেন্ট কার্ডিনাল টিমোথি ডোলানের তত্ত্বাবধানে ওই নৈশভোজের আয়োজন করা হয়। আগামী সোমবার ওবামা ও রমনি তৃতীয় এবং শেষ বিতর্কে পরস্পরের মুখোমুখি হবেন। ফ্লোরিডায় এই বিতর্ক অনুষ্ঠিত হবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হবে আগামী ৬ নভেম্বর। এএফপি, বিবিসি ও ওয়াশিংটন পোস্ট।