নো ফ্লাই জোন ঘোষণা করা হলে মানুষ অস্ত্র তুলে নেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি হুঁশিয়ার করেছেন, পশ্চিমা বিশ্ব বা জাতিসংঘ লিবিয়ার আকাশকে নো-ফ্লাই জোন ঘোষণা করলে এর বিরুদ্ধে অস্ত্র তুলে নেবে তাঁর দেশের মানুষ। গতকাল বুধবার এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। লিবিয়াকে নো-ফ্লাই জোন ঘোষণার জন্য তোড়জোড় চলছে পশ্চিমা বিশ্বে। লিবিয়ার বিদ্রোহীরাও রয়েছে সেই অপেক্ষায়। তুরস্কের টিআরটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে গাদ্দাফি পশ্চিমা বিশ্ব ও তাদের মিত্রদের উদ্দেশে বলেন, ‘তারা যদি নো-ফ্লাই জোন ঘোষণার সিদ্ধান্ত নেয়, তাহলে তা লিবিয়ার জন্যই ভালো হবে। লিবিয়াবাসী তখন বুঝবে, আসল সত্যটা কী। আসলে তারা লিবিয়ার নিয়ন্ত্রণ নিয়ে আমাদের তেলসম্পদ কুক্ষিগত করার পাঁয়তারা করছে।’গতকাল সকালে লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দেন গাদ্দাফি। এতে তিনি বলেন, ইউরোপীয় দেশগুলো ও আল-কায়েদা লিবিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে।গাদ্দাফি বলেন, ‘রাস্তায় নেমে আসা ছাড়া বেনগাজির মানুষের আর কোনো পথ নেই। বিশ্বাসঘাতকদের হাত থেকে মুক্তি পেতে হলে ওই শহরের নারী-পুরুষ ও শিশুদের রাস্তায় নেমে আসতে হবে। সুন্দর এই শহরটি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এটা অবশ্যই মুক্ত করতে হবে।’বেনগাজি লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর। এটিই এখন বিদ্রোহীদের প্রধান ঘাঁটি ও সদর দপ্তর।রাজধানী ত্রিপোলি থেকে বিবিসির সাংবাদিক উইরি ডেভিয়েস জানান, গাদ্দাফি এখন আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন এবং তাঁকে বেশ রণমূর্তিতে দেখা যাচ্ছে। বিরোধীদের সঙ্গে কোনো সমঝোতা বা আপসের মনোভাব তাঁর মধ্যে নেই।এদিকে জাবিয়াহ শহরে গতকাল বোমা ও গোলাবর্ষণ করেছে গাদ্দাফির অনুগত বাহিনী। এতে অনেক মানুষ হতাহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে বিরোধীরাও চেষ্টা করছে পাল্টা আঘাত হানার।স্থানীয় এক বাসিন্দা জানান, তিনি রাস্তায় প্রায় ৫০টি ট্যাংক দেখেছেন। আছে ঝাঁকে ঝাঁকে সামরিক যান।ওই শহর থেকে ইব্রাহিম নামের এক বিদ্রোহী যোদ্ধা বলেন, ‘অনেক মানুষ মারা গেছে। অনেক লাশ কবরও দেওয়া যাচ্ছে না। জাবিয়াহ শহর পুরো ফাঁকা। রাস্তায় একটি মানুষ, এমনকি কোনো প্রাণীও নেই। আকাশে নেই পাখি।’ রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করা হয়, জাবিয়াহ শহর বিদ্রোহীদের দখল থেকে মুক্ত করা হয়েছে।বিদ্রোহী-নিয়ন্ত্রিত রাস লানুফ শহরেও ভারী গোলাবর্ষণ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিন জাওয়াদ শহরেও গোলাগুলি হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, লিবিয়ায় নো-ফ্লাই জোন আরোপ করতে হলে তা জাতিসংঘের মাধ্যমেই করতে হবে।লিবিয়ার বিষয় নিয়ে গত মঙ্গলবার কথা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এ সময় তাঁরা সম্ভাব্য সব পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।নো-ফ্লাই জোন আরোপে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব উত্থাপনের লক্ষ্যে কাজ করছে ব্রিটেন ও ফ্রান্স। বিষয়টি নিয়ে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার আলোচনায় বসবে ন্যাটো প্রতিরক্ষা মন্ত্রীরা। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া এর মধ্যে জানিয়ে দিয়েছে, তারা নো-ফ্লাই জোন আরোপের প্রস্তাব সমর্থন করবে না।নো-ফ্লাই জোন আরোপ করা হলে গাদ্দাফি বাহিনীর জন্য বিমান হামলা কঠিন হয়ে পড়বে। বিমান উড়লেই আন্তর্জাতিক পক্ষ তা গুলি করে ভূপাতিত করতে পারবে।গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, গাদ্দাফির পক্ষের একটি ব্যক্তিগত বিমান গতকাল অজ্ঞাত যাত্রীদের নিয়ে গ্রিসের ওপর দিয়ে মিসরে গেছে। এএফপি, রয়টার্স, বিবিসি।