বিদ্রোহীদের মোকাবিলায় লিবিয়ার আকাশে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে কর্নেল মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনী। তাদের অব্যাহত বিমান হামলায় বিভিন্ন শহরে কোণঠাসা হয়ে পড়ছে বিদ্রোহীরা। এই অবস্থায় দেশটির বেসামরিক নাগরিকদের রক্ষায় লিবিয়ায় নো-ফ্লাই জোন ঘোষণার জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। উপসাগরীয় দেশগুলোও নো-ফ্লাই জোন ঘোষণার পক্ষে সায় দেওয়ায় এই উদ্যোগ নতুন মাত্রা পেয়েছে। বিদ্রোহীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে নো-ফ্লাই জোন ঘোষণার জন্য।গাদ্দাফির অনুগত বাহিনীর বিমান হামলার মুখে দখলকৃত অনেক শহর থেকেই পিছু হটতে বাধ্য হচ্ছে বিদ্রোহীরা। বিদ্রোহীদের জন্য এটি এখন বড় উদ্বেগের কারণ। দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের প্রায় অর্ধেক এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে। রাজধানী ত্রিপোলির কয়েকটি এলাকা এখনো তারা ধরে রেখেছে। কিন্তু বিমান হামলায় মার খেয়ে যাচ্ছে তারা। বিমান হামলা প্রতিহত করতে না পারায় অনেক শহর তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে।এদিকে বিমান হামলায় সাফল্য পেয়ে গাদ্দাফির বাহিনীও হামলার তীব্রতা বাড়িয়েছে। গাদ্দাফিও বিগত বছরগুলোতে একটি শক্তিশালী বিমানবাহিনী গড়ে তুলেছেন, এখন এর ব্যবহার করছেন।এ অবস্থায় লিবিয়ার ওপর নো-ফ্লাই জোন ঘোষণায় পশ্চিমাদের উদ্যোগে গতি পেয়েছে। এ বিষয়ে জাতিসংঘে প্রস্তাব উত্থাপনের জন্য খসড়া তৈরি করছে যুক্তরাজ্য ও ফ্রান্স। খসড়াটি নিয়ে আগামী বৃহস্পতিবার ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে আলোচনা হতে পারে।উপসাগরীয় দেশগুলোও লিবিয়ার ওপর দ্রুত নো-ফ্লাই জোন ঘোষণার দাবি জানিয়েছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর গতকাল প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘লিবিয়ার বেসামরিক জনগণকে রক্ষায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন জিসিসির মন্ত্রীরা। জিসিসির মহাসচিব আবদুল রহমান আল-আত্তিয়াহ এই বিবৃতি পড়ে শোনান। এ বিষয়ে আলোচনার জন্য আরব লিগের একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে।তবে নো-ফ্লাই জোন ঘোষণার বিরোধিতা করে আসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া। কেননা, নো-ফ্লাই জোন ঘোষণা করা হলে তা রক্ষার জন্য লিবিয়ায় বিমান হামলার প্রয়োজন হয়ে পড়বে। রাশিয়া চায় না লিবিয়ায় সরাসরি কোনো সামরিক হামলা করা হোক। এ ছাড়া আরও কয়েকটি দেশ এভাবে লিবিয়ার বিদ্রোহীদের সমর্থন দিয়ে সেখানে স্থায়ী গৃহযুদ্ধ বাধিয়ে দেওয়ার বিপক্ষে।এ ছাড়া নো-ফ্লাই জোন ঘোষণার পক্ষে আছে এমন কয়েকটি দেশের মধ্যেও এ পদক্ষেপের কার্যকারিতা নিয়ে সন্দেহ আছে। তারপরও তারা বলছে, জাতিসংঘের সমর্থন থাকলে তারা এর পেছনে থাকবে।ন্যাটোর মহাসচিব অ্যান্দ্রেস ফগ রাসমুসেনও জোর দিয়ে বলেছেন, নো-ফ্লাই জোন ঘোষণা করতে হলে জাতিসংঘের সম্মতি প্রয়োজন। তিনি বলেন, ‘গাদ্দাফি এবং তাঁর বাহিনী যদি দেশের মানুষের ওপর আক্রমণ অব্যাহত রাখে তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ নিশ্চুপ বসে থাকবে বলে আমি মনে করি না।’অন্যদিকে বিমান হামলা থেকে বাঁচতে নো-ফ্লাই জোন ঘোষণার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে চলেছে বিদ্রোহীরা। তবে তারা লিবিয়ায় সরাসরি কোনো বিদেশি বাহিনীর অভিযান চায় না।হোয়াইট হাউসে সোমবার সফররত অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানান, লিবিয়ার বিরুদ্ধে সামরিকসহ সম্ভাব্য সব ধরনের পদক্ষেপের কথা তারা বিবেচনা করছে। এ লক্ষ্যে ন্যাটোসহ মিত্রদের সঙ্গে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে। এএফপি, রয়টার্স ও বিবিসি।