নোবেল নিয়ে যত গুঞ্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হচ্ছে আজ সোমবার থেকে। এ বছর কোন বিষয়ে কে পুরস্কার পেতে যাচ্ছেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। সবচেয়ে কৌতূহলোদ্দীপক ‘শান্তিতে নোবেল’ কার ঘরে যেতে চলেছে, তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। একইভাবে পদার্থে পুরস্কার কে তুলে নেবেন, সেটি নিয়েও আলোচনার অন্ত নেই। শান্তিতে যাঁদের নাম ঘিরে গুজব ছড়িয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন ‘কায়রোর গরিব মানুষের সাহায্যকারী’ মিসরের ম্যাগি গোবরান, নারীদের বোরকাবিরোধী আন্দোলনের নেত্রী আফগান নাগরিক সিমা সামার ও মার্কিন বিদ্যানুরাগী জিন শার্প।এ বছর সর্বপ্রথম (আজ) ঘোষণা করা হবে চিকিৎসায় নোবেল বিজয়ীর নাম। স্টকহোমের স্থানীয় সময় আজ বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় আজ বিকেল সাড়ে তিনটা) এই বিভাগে বিজয়ী কিংবা বিজয়ীদের নাম প্রকাশ করবে জুরি বোর্ড। কায়রোর বস্তিবাসীর কাছে ‘মাদার তেরেসা’ বলে পরিচিত হয়ে ওঠা কপটিক খ্রিষ্টান ম্যাগি গোবরান একটি প্রতিষ্ঠানের শান্তিতে বাজির তালিকায় শীর্ষস্থানে রয়েছেন। শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে ১২ অক্টোবর। এ বছর শান্তিতে এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ২৩১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান।পুরস্কার কমিটি এসব মনোনীত ব্যক্তির নাম কখনো প্রকাশ না করলেও যুক্তরষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জার্মানির সাবেক চ্যান্সেলর হেলমুট কোল, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও উইকিলিকসের কাছে তথ্য ফাঁসকারি ব্রাডলি ম্যানিংয়ের নাম তালিকায় থাকার কথা শোনা যাচ্ছে।অসলোর পিস রিসার্স ইনস্টিটিউটের ক্রিস্টিয়ান বার্গ হার্পভিগেন নোবেল কমিটির কাজ তদারক শেষে প্রতিবছরই সম্ভাব্য বিজয়ীদের নিয়ে সংক্ষিপ্ত একটি তালিকা প্রকাশ করে থাকেন। এবার তাঁর ওই তালিকায় রয়েছেন মার্কিন রাজনীতিতাত্ত্বিক ও অহিংস আন্দোলনের বিশেষজ্ঞ শার্প, রুশ মানবাধিকার গোষ্ঠী মেমোরিয়াল ও এর প্রতিষ্ঠাতা সেভেতলানা গাননুসকিনা এবং রাশিয়ার স্বাধীন গণমাধ্যমের মুখপত্র ইকো অব মস্কো ও এর প্রধান সম্পাদক অ্যালেক্সি ভেনেদিকভ।তালিকায় মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন, নাইজেরিয়ার আর্চবিশপ জন ওনেইকান ও সোকোতোর সুলতান মোহাম্মদ সা’দ আবুবকরও রয়েছেন। আফগান মানবাধিকারকর্মী, সাবেক মন্ত্রী ও নারীদের বোরকাবিরোধী আন্দোলনের নেত্রী সিমা সামারকেও সম্ভাব্য বিজয়ী হিসেবে দেখা হচ্ছে।সাহিত্যে যাঁদের নাম জোরেশোরে শোনা যাচ্ছে, তাঁরা হলেন: চীনা লেখক মউ ইয়ান, জাপানের হারুকি মুরাকামি, কানাডীয় ছোট গল্পের রচয়িতা অ্যালিস মুনরো, মার্কিন লেখক ডন ডে লিলো ও সোমালি ঔপন্যাসিক নুরুদ্দিন ফারাহ। ঐতিহ্যগতভাবে সাহিত্যে নোবেল ঘোষণা করা হয় বৃহস্পতিবার। সে অনুযায়ী ১১ অক্টোবর এর ঘোষণা দেওয়া হতে পারে।চিকিৎসায় জাপানের শিনইয়া ইয়ামানাকা ও ব্রিটেনের জন গুরডন, রসায়নে সুইডেনের সেভানতে পায়আয়বোর নাম উচ্চারিত হচ্ছে। অর্থনীতিতে মার্কিন অর্থনীতিবিদেরা বরাবর আধিপত্য বজায় রাখছেন। সব শেষে ১৫ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।এদিকে, পদার্থে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার। এবার এই পুরস্কার কে জিতবেন, তা নিয়ে রীতিমতো সংশয় দেখা দিয়েছে। এএফপি।