নোবেল পাওয়ার মতো যথেষ্ট কাজ করিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালালা ইউসুফজাই
মালালা ইউসুফজাই

এবারের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দৌড়ে সম্ভাব্য বিজয়ীদের তালিকায় মালালা ইউসুফজাইয়ের নামটি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। কিন্তু পাকিস্তানি ওই কিশোরী এ ব্যাপারে নিজে কী ভাবছে? ডন পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে নিজ ভাবনা ব্যক্ত করেছে মালালা।
নিজেকে নোবেল পুরস্কার জয়ের উপযুক্ত মনে হয় কি না এমন প্রশ্নের জবাবে মালালা অকপটে বলে, ‘আমি মনে করি পুরস্কারটি অর্জনের মতো যথেষ্ট কাজ আমি করিনি। এটি অর্জনের উপযুক্ত আরও অনেকে রয়েছেন এবং আমি মনে করি আমাকে আরও অনেক কিছু করতে হবে।’
নারীশিক্ষাবিরোধী তালেবানের হামলার শিকার মালালা আজ বিশ্বজুড়ে পরিচিত। নিপীড়িত, অদম্য অধিকারকর্মী, একটি আদর্শ নানা রকম ভাবমূর্তি তার। তবে সবকিছুর পরও সে মাত্রই একজন ১৬ বছর বয়সী কিশোরী হওয়ায় নোবেল পাওয়া নিয়ে ভিন্নমত আছে।
পাকিস্তানের ডন পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সম্পর্কে খুঁটিনাটি অনেক তথ্য দিয়েছে মালালা। তারকাখ্যাতি পাওয়া সত্ত্বেও এখনো সমবয়সীদের মতোই সে কোনো মজার কৌতুক শুনলে আনন্দ পায়, ছোট ভাইবোনদের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠে এবং টোয়াইলাইট সিরিজের চলচ্চিত্রগুলো দেখতে ভালোবাসে বিশ্বের অন্য কিশোরীদের মতো। ছবিটির বিভিন্ন চরিত্রের মধ্যে সে ভ্যাম্পায়ার এডওয়ার্ডকে নেকড়ে জ্যাকবের চেয়ে বেশি পছন্দ করে। কারণ, মালালা ইউসুফজাইয়ের ভাষায়, ‘ভ্যাম্পায়ারেরা অমর। বাস্তব পৃথিবী ও দৈনন্দিন জীবন থেকে সরে গিয়ে নতুন একটি পৃথিবীতে প্রবেশ করাটা খুব আনন্দের। আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণও বটে।’
তবে বাস্তব পৃথিবীকে অস্বীকার করার উপায়ও নেই। চলতি সপ্তাহটি অনেক ব্যস্ততার মধ্য দিয়ে পার করেছে মালালা। বেশ কয়েকটি সাক্ষাৎকার, নিজের জীবনী বইয়ের প্রকাশনা, বিশ্বনেতা ও তারকাদের সঙ্গে বৈঠক, বাকিংহাম প্রাসাদের আমন্ত্রণ এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার—নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য বিজয়ী হিসেবে তাকে নিয়ে আলোচনা ইত্যাদিই ছিল তার ব্যস্ততার উপলক্ষ।
কিন্তু এত ব্যস্ততা এবং সম্ভাব্য পুরস্কারের বোঝা কি মালালার স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটাবে? এ ব্যাপারে তার ভাষ্য, ‘আমি জীবনকে উপভোগ করতে চাই। তবে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা অথবা সন্ত্রাস ও বাধ্যতামূলক শ্রমের কারণে নির্যাতিত শিশু বা অনাহারী ও ছিন্নমূল শিশুদের জন্য প্রয়োজনে আমি ভাইবোনের সঙ্গে খেলায় বা ক্রিকেটের জন্য কয়েক মিনিট কম ব্যয় করতে পারি।’
মালালার বাবাকে সবাই চিনলেও মায়ের কথা তেমন আলোচনায় আসেনি। কিন্তু মায়ের সমর্থন ও উৎসাহের কথা সাক্ষাৎকারে বিশেষভাবে উল্লেখ করেছে মালালা। সে মনে করে, গুলিবিদ্ধ হওয়ার পর আরোগ্য লাভের পেছনে মায়ের প্রার্থনার ব্যাপারটি গুরুত্বপূর্ণ।
নিজের জন্মস্থান পাকিস্তানের সোয়াত উপত্যকায় ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে মালালা বলে, ‘যুক্তরাজ্যের বার্মিংহামে তেমন রোদই নেই। আমি দেশকে ভালোবাসি এবং দেশের কথা খুব মনে করি। তাই আমি শিগগিরই দেশে ফিরে শিক্ষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন শুরু করতে চাই। তবে প্রথমে আমাকে শিক্ষা ও জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষাকে অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য আমার আরও অনেক পড়াশোনা করা দরকার।’ ডন।