নোবেল পুরস্কারেও আরব জাগরণের নেতারা!
এ বছরটি মাতিয়ে রেখেছে এক আরব বিশ্বই। গণতান্ত্রিক জাগরণ ঘটেছে আরব জাহানে। গুঞ্জন ছড়িয়েছে, এবার সেই আরবের দুই প্রতিনিধি পেতে যাচ্ছেন শান্তি ও সাহিত্যে নোবেল পুরস্কার। এঁদের একজন সিরিয়ার কবি ও অন্যজন তিউনিসিয়ার ব্লগার। তবে নোবেল পুরস্কারের জন্য মনোনীত প্রার্থীদের নাম-পরিচয় গোপন রেখেছে সংশ্লিষ্ট কমিটিগুলো। তাই এখনো জানা যায়নি, কারা পেতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কার। নরওয়েজিয়ান নোবেল কমিটি নিশ্চিত করেছে, এবার শান্তি পুরস্কারের জন্য রেকর্ডসংখ্যক ২৪১ জনকে মনোনীত করা হয়েছে। গত বছর এ পুরস্কার পান চীনা ভিন্নমতাবলম্বী লিউ জিয়াওবো। নোবেল পুরস্কার বিষয়ে বিশেষজ্ঞ ইতিহাসবিদ অ্যাসল এসভিন বলেন, তিনি মনে করেন, নোবেল কমিটির সদস্যরা ৭ অক্টোবর আরব জাগরণের কর্মীদের পুরস্কৃত করতে পারেন। যাঁদের কারণে তিউনিসিয়া, মিসর ও লিবিয়ায় পরিবর্তন এসেছে। পতন হয়েছে স্বৈরশাসনের।আর সেটা হলে এসভিনের ভবিষ্যদ্বাণী হচ্ছে, তিউনিসিয়ার ব্লগার লিনা বেন মেহেন্নি এবার শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন। যিনি তাঁর দেশে সরকারবিরোধী বিক্ষোভের সময় ঘটা সব ঘটনা ইন্টারনেটে লিপিবদ্ধ করেছেন।এসভিন বলেন, ‘তিনি (লিনা) একজন উদারপন্থী মুসলিম, একজন নারী। এই পুরস্কার হবে আরব জাগরণ ও সামাজিক গণমাধ্যমের স্বীকৃতি।’ তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, এটা একটা চমৎকার ধারণা।’ অসলোর শান্তি গবেষণা ইনস্টিটিউটের প্রধান ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন বলেন, এবারের শান্তি পুরস্কারের জন্য তাঁর কাছে ফেভারিট হচ্ছেন মিসরের ইসরা আবদেল ফাত্তাহ ও এপ্রিল সিক্সথ ইয়ুথ মুভমেন্ট (ফেসবুক গ্রুপ, যারা মিসরে সরকারবিরোধী আন্দোলন সংগঠিত করেছে)। এ পুরস্কারের জন্য হার্পভিকেনের তালিকায় আরও আছেন গুগলের নির্বাহী ওয়ায়েল ঘোনিম। তাহরির স্কয়ারে বিক্ষোভকারীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করেন অহিংস নীতির এই কর্মী। টাইম ম্যাগাজিন-এর সারা বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় তাঁর নাম এসেছে। এএফপি।