যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস গ্রুপ ইন চায়নার (এইচআরআইসি) পক্ষ থেকে দাবি করা হয়েছে, নোবেল পুরস্কারজয়ী লিউ সিয়াওবোর স্ত্রী লিউ সিয়াকে গৃহবন্দী করেছে চীনা কর্তৃপক্ষ। গত রোববার চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কারাগারে বন্দী স্বামীর সঙ্গে দেখা করে বেইজিংয়ে ফেরার পর থেকে তিনি গৃহবন্দী রয়েছেন। এদিকে রোববার রাতে লিউ সিয়াও টুইটার অ্যাকাউন্টের একটি পোস্টের বরাত দিয়ে তাঁর গৃহবন্দিত্বের খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।সামাজিক নেটওয়ার্ক ওয়েবসাইটটির অ্যাকাউন্টে সিয়া লিখেছেন, ‘ভাইয়েরা, আমি বাড়ি ফিরেছি। তারা আমাকে গৃহবন্দী করেছে। আমি জানি না, কবে আবার আমি কাউকে দেখতে পাব। আমার মোবাইল ফোন সেটটি ভেঙে ফেলা হয়েছে। আমি সিয়াওবোর সঙ্গে ৯ তারিখে দেখা করেছি এবং তাঁকে নোবেল পুরস্কার জয়ের খবর দিয়েছি। বিস্তারিত আমি পরে জানাব। সবাই দয়া করে আমাকে সাহায্য করুন। ধন্যবাদ।’সিয়ার বরাত দিয়ে এইচআরআইসির পক্ষ থেকে জানানো হয়েছে, বেইজিংয়ে সিয়ার টেলিফোন ও ইন্টারনেটসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সরকারি নিরাপত্তাকর্মীরা কোনো বন্ধু বা গণমাধ্যমের সঙ্গে তাঁকে যোগাযোগ করতে দিচ্ছে না। সংস্থাটি আরও জানায়, কারাগারে দেখা করার সময় স্ত্রীকে সিয়াওবো বলেছেন, তিনি এই পুরস্কার তিয়েনআনমেন স্কয়ারের শহীদদের প্রতি উৎসর্গ করেছেন। ১৯৮৯ সালের ৪ জুন তিয়েন আনমেন স্কয়ারে গণতন্ত্রের দাবিতে আয়োজিত ছাত্রবিক্ষোভে গুলি চালায় চীনা কর্তৃপক্ষ। এতে কয়েক শ ছাত্র নিহত হন। গণতন্ত্রের পক্ষের ওই আন্দোলনে সক্রিয় ছিলেন সিয়াওবো।রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে চীনের প্রথম নোবেলজয়ী সিয়াওবোকে গত ডিসেম্বরে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিভিন্ন আন্তর্জাতিক ও মানবাধিকার সংস্থা তাঁকে মুক্তি দেওয়ার জন্য চীনা কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছে। সিয়াওবোর নোবেল পুরস্কার জয়ের আনন্দ উদ্যাপনের সময় গত শুক্রবার বেইজিং, সাংহাই ও অন্যান্য চীনা শহর থেকে তাঁর কয়েক শ সমর্থককে আটক করা হয়। সিয়াওবো হলেন তৃতীয় ব্যক্তি, যিনি নিজ দেশের সরকারের বন্দী হিসেবে নোবেল পুরস্কার জিতেছেন। এর আগে মিয়ানমারের অং সান সু চি ১৯৯১ সালে এবং জার্মানির কার্ল ভন ওসিটেজকি ১৯৩৫ সালে কারাবন্দী অবস্থায় নোবেল পুরস্কার পান।চীনের সমালোচনা করলেন দালাই লামালিউ সিয়াওবোর নোবেল পুরস্কার জয়ের ঘটনায় নেতিবাচক অবস্থানের কারণে চীন সরকারের সমালোচনা করেছেন তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা। গতকাল জাপানের গণমাধ্যমকে এই আধ্যাত্মিক নেতা বলেন, চীনা সরকার ভিন্নমত গ্রহণ করতে পারে না। তিনি আরও বলেন, চীনের সব মানুষকে রক্ষার একমাত্র পথ হলো একটি মুক্ত সমাজ গড়ে তোলা।গত শুক্রবার নরওয়ের নোবেল কমিটি চীনে মানবাধিকার রক্ষায় সিয়াওবোর কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে নোবেল পুরস্কার দেয়। কিন্তু ওই ঘোষণায় বেইজিংয়ের পক্ষ থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়। এ ব্যাপারে বেইজিংয়ে নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় চীন। একই কারণে গতকাল নরওয়ের একজন মন্ত্রীর সঙ্গে চীনের উপমন্ত্রীর বৈঠক বাতিল করেছে বেইজিং। আজ বুধবার এই বৈঠক হওয়ার কথা ছিল।এদিকে লিউ সিয়াওবোকে মুক্তি দেওয়ার জন্য চীনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খ্যাতনামা লেখকেরা। এ ব্যাপরে কবি-সাহিত্যিকদের সংগঠন পোয়েটস, এসেইস্টস অ্যান্ড নোবেলিস্টস সেন্টারের (পেন) এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। হংকং, অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও নিউজিল্যান্ডের সদস্যদের পক্ষে এই বিবৃতি প্রকাশ করে পেন। এ ছাড়া সিয়াওবোর সমর্থনে বিক্ষোভ জানানোয় হংকংয়ে গতকাল এক গণতন্ত্রপন্থী কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভের সময় ওই কর্মী এক সরকারি নিরাপত্তাকর্মীর মুখে শ্যাম্পেইন ছুড়ে মারেন। এএফপি, বিবিসি।