চীন ক্রমবর্ধমানভাবেই জ্বালানি-নিরাপত্তা নিশ্চিতকরণ ও সমুদ্রপথের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে। সম্প্রতি দেশটির পাকিস্তানের গোয়াদার বন্দরের পরিচালনার নিয়ন্ত্রণ নেওয়া সেই চেষ্টারই সর্বশেষ সংযোজন। এর ফলে চীন আরব সাগরে একটি নৌঘাঁটি পেয়ে যাচ্ছে। এ কারণেই ভারত উদ্বিগ্ন।পাকিস্তানের মন্ত্রিপরিষদ গত জানুয়ারি মাসে গোয়াদার বন্দর হস্তান্তরের বিষয়টি অনুমোদন করে। ফলে বন্দরটির পরিচালনার দায়িত্ব সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনালের কাছ থেকে রাষ্ট্রায়ত্ত চায়না ওভারসিজ পোর্ট হোল্ডিংস লিমিটেডের কাছে চলে যায়। বিশেষজ্ঞদের মতে, এর ফলে আরব সাগর ও হরমুজ প্রণালির সঙ্গে চীনের সংযোগ স্থাপিত হবে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস আমদানির ক্ষেত্রে চীনের হাজার হাজার কিলোমিটার দূরত্ব কমে আসবে।গোয়াদার বন্দর নির্মাণের প্রাথমিক ব্যয় ২৫ কোটি মার্কিন ডলারের মধ্যে ৭৫ শতাংশই দিয়েছিল চীন। কিন্তু পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বন্দরটি ৪০ বছরের জন্য সিঙ্গাপুরের পিএসও ইন্টারন্যাশনালকে ইজারা দিয়েছিলেন। কারণ, বন্দরটি চীনকে দিয়ে তিনি যুক্তরাষ্ট্রকে খেপাতে চাননি। বন্দরটি চীনের কাছে হস্তান্তরের চুক্তি সম্পন্ন করতে এখনো এক বছর সময় লাগবে। তবে বড় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারতের চারপাশে চীনা অর্থায়নে নির্মিত বন্দরগুলোর মধ্যে গোয়াদারই হবে ভারতের সবচেয়ে বড় উদ্বেগের কারণ। এরই মধ্যে ভারত তার উদ্বেগের কথা জানিয়ে দিয়েছে।পাকিস্তান ছাড়াও এই অঞ্চলে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মিয়ানমারেও বন্দর এবং তেল-গ্যাস সরবরাহের পাইপলাইন নির্মাণের সঙ্গে চীনের সম্পৃক্ততা রয়েছে। চীন তিব্বত সীমান্তের কাছে নেপালের লারচায় ১৪ মিলিয়ন ডলার ব্যয়ে একটি ‘শুষ্ক বন্দর’সহ মোট ছয়টি বন্দর নির্মাণে যুক্ত রয়েছে। বাংলাদেশের বঙ্গোপসাগরে গভীর সমুদ্রবন্দর নির্মাণে যে চারটি দেশ আগ্রহী, তারও একটি চীন। অন্য তিন দেশ হচ্ছে ভারত, জাপান ও যুক্তরাষ্ট্র। শ্রীলঙ্কা ২০১২ সালের জুনে হাম্বানটোটায় যে গভীর সমুদ্রবন্দর উদ্বোধন করে, সেটিও চীনের ঋণ ও কারিগরি সহায়তায় নির্মিত। এ ছাড়া মিয়ানমারের একটি বন্দর ও জ্বালানি পাইপলাইন নির্মাণে বড় সহায়তাকারী চীন। ওই পাইপলাইনের মাধ্যমে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা গ্যাস ও তেল চীনের ইউনান প্রদেশে পাঠানো হবে। আগামী মে মাসে এটির নির্মাণকাজ শেষ হবে। যুক্তরাষ্ট্রের পেন্টাগন দপ্তরের জন্য ২০০৪ সালে তৈরি করা একটি প্রতিবেদনে ভারতের চারপাশের এসব বন্দরকে চীনের ‘স্ট্রিং অব পার্লস’ বা সম্ভাব্য নৌঘাঁটি হিসেবে আখ্যা দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, এগুলো যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিগুলোরই সমতুল্য।