ন্যাটো ও আফগান সেনাদের আস্থার সংকট বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে ক্রমেই বেড়ে চলেছে ন্যাটোর সেনাদলের ওপর হামলা। সম্প্রতি বেশ কয়েকজন ন্যাটোর সেনাসদস্য স্থানীয় নিরাপত্তাবাহিনীর সদস্যদের হামলায় নিহত হয়েছেন। গত আগস্ট মাসেই এ রকম অন্তত ১২টি হামলা হয়েছে। এদিকে গতকাল রোববার আফগানিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর (ন্যাটো বাহিনী) যুদ্ধ ১২ বছরে পড়েছে।বিশ্লেষকদের মতে, আফগানিস্তানে বিদেশি সেনাদের প্রতি স্থানীয় সেনা ও পুলিশ সদস্যদের আস্থার সংকটই এসব হামলার মূল কারণ। মুখোমুখি লড়াইয়ে বিদেশি সেনাদের পরাজিত করা কঠিন বলেই তালেবান বিদ্রোহীরা বেছে নিয়েছেন ভিন্ন কৌশল। এ রকম একটি কৌশল হলো রাস্তায় বোমা পেতে রেখে ন্যাটো বাহিনীকে ঘায়েল করা। আফগান নিরাপত্তাবাহিনীতে অনুপ্রবেশকারী তালেবান যোদ্ধারা ন্যাটোর সেনাদের হত্যা করছে বলে পশ্চিমা বিশ্লেষকেরা মনে করেন। এ ছাড়া প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে ন্যাটোর সেনাসদস্যদের ওপর বিভিন্ন হামলা হচ্ছে। এসব হামলার লক্ষ্য একটিই, দেশটি থেকে বিদেশি সেনা প্রত্যাহার ত্বরান্বিত করা। বিদেশি সেনাদের একের পর এক হত্যা করার পরও কেন তারা আফগানিস্তান ছাড়ছে না, সেটিই স্থানীয়দের কাছে এখন বড় প্রশ্ন।ন্যাটো জানায়, তালেবান জঙ্গিদের দমনে আফগান বাহিনীকে সহায়তা করতেই সেখানে বর্তমানে ন্যাটোর সেনারা অবস্থান করছে। লড়াইয়ের পাশাপাশি ন্যাটোর সেনারা স্থানীয় নিরাপত্তাবাহিনীকে এত দিন বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আসছিল। তবে পারস্পরিক আস্থার সংকটের কারণে এখন ওই যৌথ কার্যক্রম স্থগিত রয়েছে। ২০১৪ সালে আফগানিস্তান থেকে ন্যাটোর সেনাদের পুরোপুরি প্রত্যাহার করে নেওয়ার কথা। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই মানতে রাজি না হলেও আফগান যুদ্ধ নিয়ে পশ্চিমাদের হতাশার বিষয়টি এখন অনেকটাই স্পষ্ট। আফগানিস্তানে ন্যাটো বাহিনী মোতায়েন রাখার বিষয়টি পশ্চিমা বিভিন্ন দেশেও অজনপ্রিয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য দেশের সেনারা আফগান সেনাদের হামলায় নিহত হচ্ছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশগুলোর মানুষ আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনীকে এখনো মোতায়েন রাখায় অনেকটা অসন্তুষ্ট। ন্যাটো বাহিনীর একজন কর্মকর্তা বলেন, তাঁরা আফগান সেনাদের হামলায় নিহত ন্যাটোর কোনো সেনার স্ত্রীকে কিছু বলতে পারেন না।আফগানিস্তানে যৌথবাহিনীর প্রধান জেনারেল জন অ্যালেন দেশটির সেনাপ্রধানকে সম্প্রতি বলেছেন, তাঁর সেনারা আফগানিস্তানের জন্য জীবন দিতেও প্রস্তুত রয়েছে। কিন্তু যেভাবে তাঁদের খুন করা হচ্ছে, সেটা মেনে নেওয়া সম্ভব নয়। ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (আইএসএএফ) জানায়, স্থানীয় সেনাদের ৩৬টি হামলায় চলতি বছরেই যৌথবাহিনীর অন্তত ৫১ সেনা নিহত হয়েছে। এ ছাড়া চলতি বছর অন্যান্য সংঘর্ষে ন্যাটোর আরও ৩৪৪ সেনা নিহত হয়েছে। বিবিসি ও আলজাজিরা।