আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি অভিজাত হোটেলে গত মঙ্গলবার রাতে তালেবান জঙ্গিরা হামলা চালিয়েছে। পরে আফগান কমান্ডো ও ন্যাটো বাহিনীর সদস্যরা দীর্ঘ চার ঘণ্টা অভিযান চালিয়ে হোটেলটির নিয়ন্ত্রণ নেয়। এ সময় সংঘর্ষে নয় তালেবানসহ ২১ জন নিহত হয়েছে। তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত মঙ্গলবার রাতে আফগানিস্তানের নিরাপত্তাবিষয়ক একটি সম্মেলনে আফগান ও পশ্চিমা কয়েকটি দেশের কর্মকর্তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে জড়ো হন। এ সময় হোটেলে একটি বিয়ের অনুষ্ঠানও চলছিল। পুলিশ জানায়, হামলাকারীরা হোটেলের এক পাশের গাছে উঠে এর ডাল ব্যবহার করে হোটেল চত্বরে প্রবেশ করে। পরে মূল হোটেলের ভেতরে ঢুকে পড়ে। হামলায় তারা বিস্ফোরকভর্তি আত্মঘাতী পোশাক, মেশিনগান ও রকেটচালিত গ্রেনেড ব্যবহার করে। ঘটনার পরপরই অভিযান শুরু করে আফগান কমান্ডোরা। এ সময় হোটেলের মধ্যে কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ও একাংশে আগুন জ্বলতে দেখা যায়।ন্যাটোর ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্স ফোর্সের (আইএসএএফ) মুখমাত্র মেজর টিম জেমস জানান, আফগান কর্তৃপক্ষের অনুরোধে ওই অভিযানে ন্যাটোর একটি অ্যাপাচি হেলিকপ্টার ব্যবহার করা হয়। তিনি বলেন, ‘হেলিকপ্টারটি হোটেলের চারদিকে কয়েকবার চক্কর দিয়ে সশস্ত্র জঙ্গিদের শনাক্ত করে। জঙ্গিরা বিস্ফোরকভর্তি পোশাক পরা ছিল। তাদের হাতে ছিল অস্ত্র।’ জেমস বলেন, ‘অভিযানের সময় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। হামলাকারীরা বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়, অথবা হেলিকপ্টার গানশিপ ব্যবহারের সময় জঙ্গিদের বিস্ফোরকভর্তি পোশাক বিস্ফোরিত হয়। ন্যাটোর হামলায় অন্তত তিনজন জঙ্গি নিহত হয়।’হোটেলের কর্মী এজাতুল্লাহ জানান, হামলার সময় তিনি হোটেলের পাঁচতলায় ছিলেন। তিনি বলেন, ‘হঠাৎ করেই প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনতে পাই। এর পরপরই ভয়াবহ দুটি বিস্ফোরণ। গুলি ও বিস্ফোরণের শব্দ বাড়তেই থাকে। আমি যে কক্ষে লুকিয়ে ছিলাম, একসময় তা ধোঁয়ায় ভরে যায়। থাকতে না পেরে বেরিয়ে পড়ি। কক্ষের বাইরে প্রচুর রক্ত দেখতে পাই। পুলিশ সেখান থেকে আমাকে উদ্ধার করে।’বার্তা সংস্থা এএফপির প্রত্যক্ষদর্শী সাংবাদিকেরা জানান, হামলা শুরু হলে ১০ থেকে ১৫টি সাঁজোয়া যানে আফগান কমান্ডোরা হোটেলে চলে আসেন। তাঁরা ভেতরে ঢুকে অভিযান শুরু করেন। সাংবাদিকেরা পাঁচটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পান। কয়েকটি অ্যাম্বুলেন্সে হতাহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নিতে দেখা যায়। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টার দিকে সশস্ত্র আটজন তালেবান হোটেলে প্রবেশ করে। আফগান কমান্ডো ও ন্যাটো সেনারা যৌথভাবে অভিযান চালিয়ে রাত তিনটার দিকে হোটেলটির নিয়ন্ত্রণ নেয়। অভিযানে সশস্ত্র নয় জঙ্গিই নিহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকি জানান, নিহত ব্যক্তিদের মধ্যে আফগান পুলিশের দুজন সদস্য রয়েছেন। এ ছাড়া অভিযানে ১১ জন বেসামরিক ব্যক্তিও নিহত হন।কাবুলের পুলিশপ্রধান আইয়ুব সালাঙ্গি জানান, নিহত বেসামরিক ব্যক্তিদের মধ্যে অধিকাংশই হোটেলের কর্মী। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছেন।এর আগে ২০০৮ সালে কাবুলের সেরেনা হোটেলে হামলা চালানো হয়েছিল। ওই হামলায় সাতজন নিহত হয়। এরপর কাবুলের হোটেলগুলোর সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যেও এ হামলার ঘটনা ঘটল। কাবুলের এ হোটেলে সাধারণত বিদেশি কর্মকর্তারা থাকেন। এ ছাড়া ব্যবসায়ীদের বেশির ভাগ বৈঠকের আয়োজনও এ হোটেলে করা হয়।চলতি বছরেই আফগানিস্তান থেকে দশ হাজার মার্কিন সেনা প্রত্যাহার করার কথা রয়েছে। ২০১৪ সালের শেষ নাগাদ সব সেনা প্রত্যাহার পরিকল্পনার অংশ হিসেবেই এটা করা হবে। আগামী মাসেই আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব দেশটির নিজস্ব নিরাপত্তা বাহিনীর হাতে দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা। এএফপি।