ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর ক্ষোভ, আজ জরুরি বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক আকাশসীমায় সিরিয়া কর্তৃপক্ষ গুলি করে তুরস্কের যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সামরিক জোট ন্যাটোর সদস্যদেশগুলো। গতকাল সোমবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফাবিয়াস সিরীয় কর্তৃপক্ষের এমন আচরণকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্কের ওই বিমানটিতে অস্ত্রের চালান ছিল না। এটি নিয়মিত টহল দিচ্ছিল। সিরিয়া ওই বিমানটিকে কোনো সতর্কসংকেত না দিয়েই গুলি করে ভূপাতিত করেছে। এ ঘটনা মেনে নেওয়া যায় না।যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, ‘এ ঘটনার মাশুল দিতে হবে সিরিয়া কর্তৃপক্ষকে।’মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তুরস্কের বিমান হামলার ঘটনার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেন, ‘সিরীয় কর্তৃপক্ষের এই আচরণ উদ্ধত এবং অগ্রহণযোগ্য।’এর আগে গত শনিবার জাতিসংঘের মহাসচিব বান কি মুনও এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।তুরস্কের সরকার দাবি করেছে, এফ-৪ ফ্যানটম বিমানটি সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি। ন্যাটোর সদস্য দেশ হিসেবে সংস্থাটির প্রতি সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে তুরস্ক। তুরস্কের আহ্বানের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জরুরি বৈঠকে বসছে ন্যাটো। ন্যাটো চুক্তির অনুচ্ছেদ ৪ অনুযায়ী সংস্থার কোনো সদস্য দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়লে ন্যাটো আক্রমণকারী দেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।তবে আন্তর্জাতিক আকাশসীমায় তুরস্কের বিমানে হামলা চালানোর বক্তব্য অস্বীকার করেছে সিরিয়া। গতকাল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিহাদ আল-মাকদিসি বলেন, তুরস্কের বিমানটি সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছিল। গত শুক্রবার তুরস্কের যুদ্ধবিমানটি সিরিয়ার আকাশসীমায় প্রবেশ করেছিল। বিমানটিকে প্রতিহত করতে গুলি করা হয় এবং এটি সিরিয়ার সমুদ্রসীমা এলাকার ভেতরেই ভূপাতিত হয়েছে। তিনি বলেন, তুরস্ক ইতিমধ্যে স্বীকার করেছে, বিমানটি সিরিয়ার অকাশসীমা লঙ্ঘন করেছিল।আল-মাকদিসি দাবি করেন, ‘ভূপাতিত বিমানটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া এবং উদ্ধার তৎপরতা চালানোর বিষয়ে তুরস্কের সঙ্গে সিরিয়ার যোগাযোগ চলছে। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, আমরা বিমানটির পাইলটদের সম্পর্কে এখনো কোনো তথ্য জানি না। কিন্তু বিমানটির ধ্বংসাবশেষের খোঁজ পেয়েছি আমরা।’এদিকে ইউরোপীয় ইউনিয়নের একজন কূটনীতিক গতকাল দাবি করেছেন, শুক্রবার ভূমধ্যসাগরের পশ্চিমাঞ্চলে তুরস্কের একটি উদ্ধারকারী বিমানকে লক্ষ্য করেও গুলি ছোড়েছে সিরিয়া। গত শুক্রবার তুরস্কের এফ-৪ ফ্যানটম যুদ্ধবিমানের দুই পাইলট আক্রান্ত হওয়ার আগে নিজ দেশের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যোগাযোগ করেন। এ সময় যুদ্ধবিমানটিকে সহায়তা করার জন্য উদ্ধারকারী বিমান পাঠানো হয়। কিন্তু সেটিও সিরিয়ার হামলার শিকার হয়। তবে উদ্ধারকারী বিমানটির বড় কোনো ক্ষতি হয়নি বলে জানান ওই কূটনীতিক। এএফপি।