লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর লিবিয়ায় সামরিক জোট ন্যাটোর অভিযান আপাতত বন্ধ করা হতে পারে। গতকাল শুক্রবার ব্রাসেলসে ন্যাটোর একজন কর্মকর্তা এ কথা জানান। এদিকে গাদ্দাফির নিহত হওয়ার মধ্য দিয়ে দেশটি এক ঐতিহাসিক যুগে প্রবেশ করল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।ন্যাটোর একজন কর্মকর্তা গতকাল ব্রাসেলসে নিশ্চিত করে জানান, লিবিয়ায় এখন ন্যাটোর অভিযান অব্যাহত থাকবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে ব্রাসেলসে বৈঠক হবে। গত রাতেই এই বৈঠকটি হওয়ার কথা। তিনি আরও জানান, যুক্তরাজ্য, ফ্রান্সসহ এই অভিযানে অংশ নেওয়া দেশগুলো ‘তাড়াহুড়ো’ করে লিবিয়া অভিযান বন্ধ করার পক্ষে নয়। তবে আপাতত অভিযান বন্ধ করা যেতে পারে বলে মনে করে তারা।এর আগে ন্যাটোর এক বিবৃতিতে সামরিক জোটটির মহাসচিব অ্যান্ডর্স ফগ রাসমুসেন বলেন, জাতিসংঘ ও লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) সঙ্গে সমন্বয় করে লিবিয়া অভিযান বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর মধ্য দিয়ে দেশটি এক ঐতিহাসিক যুগে প্রবেশ করেছে। এটা লিবীয় নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার সময়। তিনি বলেন, লিবিয়ার জন্য এটা ঐতিহাসিক দিন। জনগণকে এখন জাতীয় ঐক্য ও আলোচনার দিকে এগোতে হবে।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘লিবিয়ার জনগণের এই অর্জনের জন্য আমি গর্বিত। আমরা যা করতে চেয়েছি, ঠিক সেটাই করতে পেরেছি।’ ওবামা বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, লিবিয়ার জনগণের ভাগ্য নির্ধারণের সুযোগ আমরা তাদের হাতেই তুলে দিতে পেরেছি।’মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, লিবিয়ায় নতুন যুগের সূচনা হলো। লিবিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র শিগগিরই কাজ শুরু করবে তিনি বলে অঙ্গীকার করেন।ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট হারমান ভ্যান রোমপাই বলেন, গাদ্দাফি যুগের অবসানের মধ্য দিয়ে লিবিয়ায় স্বৈরশাসনের অবসান ঘটেছে। এএফপি, আল জাজিরা ও রয়টার্স।