
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই তাঁর দেশে স্থিতিশীলতা আনতে ব্যর্থতার জন্য পাশ্চাত্যের সামরিক জোট ন্যাটোর সমালোচনা করেছেন। তিনি কাবুলে এক বিশেষ সাক্ষাৎকারে বিবিসিকে বলেছেন, ন্যাটোর সার্বিক কর্মকাণ্ড আফগানিস্তানের জন্য অনেক দুর্ভোগ নিয়ে এসেছে।
কারজাই বলেন, আফগানিস্তানে বহু প্রাণহানি হয়েছে এবং প্রাপ্তি সে অর্থে কিছুই নেই। কারণ, দেশটি নিরাপদ নয়।
তালেবানের ‘নিরাপদ আশ্রয়’ পাকিস্তানে যুদ্ধ করার পরিবর্তে ন্যাটো আফগানিস্তানের বিভিন্ন গ্রামে লড়াইয়ের ওপর গুরুত্ব দিয়ে ভুল করেছে বলে মন্তব্য করেন কারজাই। তিনি বলেন, তালেবান ফিরে এলে উন্নয়ন ব্যাহত হবে না।
পাশ্চাত্যঘেঁষা হিসেবে পরিচিত প্রেসিডেন্ট কারজাই বলেন, তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করা এবং শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই তাঁর বর্তমান লক্ষ্য।
কট্টর ইসলামপন্থী সংগঠনটির সঙ্গে সংলাপের জন্য সরকার সক্রিয় রয়েছে উল্লেখ করে কারজাই বলেন, তালেবান সদস্যরা আফগানিস্তানেরই মানুষ। পরবর্তী আফগান প্রেসিডেন্ট বা সরকার তালেবানকে সরকারি দায়িত্বে নিযুক্ত করলে তাকে স্বাগত জানানো হবে। কিন্তু নির্বাচিত সরকারই বিষয়টি চূড়ান্ত করবে।
তালেবান বাহিনী আবার সরকারি দায়িত্বে এলে তাদের আগের মেয়াদের মতো নারীর মর্যাদা বিসর্জন দেওয়া হবে বলে যে আশঙ্কা করা হচ্ছে, তা নাকচ করে দেন কারজাই।
যুক্তরাষ্ট্রে ৯/১১-এর সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ২০০১ সালে অভিযান চালিয়ে কট্টরপন্থী তালেবানকে উৎখাত করে মার্কিন বাহিনী। এরপর সেখানে তালেবানের সঙ্গে মার্কিন বাহিনীর দীর্ঘমেয়াদি যুদ্ধের সূচনা হয়। বিবিসি।