আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ বিমানবন্দরে ন্যাটোর ঘাঁটি লক্ষ্য করে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। গতকাল সোমবার ভয়াবহ এ হামলায় কমপক্ষে নয়জন নিহত ও ১০ জন আহত হয়েছে। তালেবান বলেছে, এক সপ্তাহ আগে মার্কিন সামরিক ঘাঁটিতে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে।পুলিশ জানিয়েছে, গতকালের হামলায় ছয় বেসামরিক ব্যক্তি, এক আফগান সেনা ও স্থানীয় দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। তবে আফগানিস্তানে মোতায়েন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা-সহায়তা বাহিনীর (আইএসএএফ) একজন মুখপাত্র জানান, এতে ন্যাটো বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রত্যক্ষদর্শীরা বলেন, বিমানবন্দরের প্রবেশদ্বারে তাঁরা অন্তত চারটি গাড়ি বিধ্বস্ত হয়ে পড়ে থাকতে দেখেছেন। দেশজুড়ে সাত দিন ধরে চলা সহিংস প্রতিবাদ বিক্ষোভের ঘটনায় এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪০ জনে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘বিদেশি সেনারা আমাদের ধর্মের অবমাননা করেছে এবং এটি তারই প্রতিশোধ।’ আত্মঘাতী এ হামলার এক দিন আগে রোববার উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে মার্কিন ঘাঁটির কাছে বিক্ষোভ প্রদর্শনের সময় একটি গ্রেনেড হামলায় সাত মার্কিন সেনা আহত হন। দেশটির বিভিন্ন প্রদেশে কয়েক দিন ধরে বিক্ষোভ চললেও রোববার তা ব্যাপক আকার ধারণ করে। উত্তরাঞ্চলীয় সামানগান প্রদেশের আয়বাল শহরে প্রায় চার হাজার লোক রাস্তায় নেমে এসে বিক্ষোভ দেখাতে থাকে। এ সময় স্থানীয় একটি পুলিশ ফাঁড়ি ও একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়। শনিবার রাজধানী কাবুলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অন্য একটি হামলায় দুই জ্যেষ্ঠ মার্কিন সেনা কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে মারা যান। তালেবান এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। হামলার পর দেশটির সব মন্ত্রণালয় থেকে ন্যাটো ও কয়েকটি ইউরোপীয় দেশের সদস্যদের সরিয়ে নেওয়া হয়। ইতিপূর্বে তালেবান আফগান জনগণের প্রতি কোরআন পোড়ানোর প্রতিশোধ নিতে বিদেশি সেনাদের হত্যার আহ্বান জানায়। যুক্তরাষ্ট্রের সেনাদের লক্ষ্য করে অব্যাহত হামলার পরিপ্রেক্ষিতে এরই মধ্যে আফগানিস্তানে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। মার্কিন সেনাদের কোরআন পোড়ানোকে কেন্দ্র করে শুরু হওয়া সহিংস বিক্ষোভ ‘অবশ্যই থামাতে হবে’ বলে রোববার মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যে ঘটনায় এই বিক্ষোভের শুরু তাতে আমরা গভীরভাবে দুঃখিত। কিন্তু আমরা এও বিশ্বাস করি, সহিংসতার অবসান ঘটাতে হবে এবং আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় চলমান কঠোর পরিশ্রমও অব্যাহত রাখতে হবে।’ একই দিন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বিক্ষোভ শুরু হওয়ার পর প্রথমবারের মতো টেলিভিশনে হাজির হয়ে এক ভাষণে জনগনকে শান্ত হওয়ার আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কোরআন পোড়ানোর ঘটনাকে অসাবধানতাবশত বলে মন্তব্য করে আফগান জনগণের প্রতি ক্ষমা প্রার্থনা করেন। এদিকে, রোববার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, আফগানিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা উদ্বেগ নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে দেশটির প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীদের ওয়াশিংটন সফরের কথা থাকলেও তাঁরা তা বাতিল করেছেন। এএফপি ও বিবিসি।