ন্যাটোর প্রতি বিশ্বাসে চিড় ধরেছে: কারজাই
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, মার্কিন সেনার গুলিতে ১৬ জন আফগান নাগরিক নিহত হওয়ার ঘটনায় ন্যাটোর প্রতি তাদের বিশ্বাসে চিড় ধরেছে। তিনি সব ন্যাটো সেনাকে আফগান গ্রাম ছেড়ে একটি বড় ঘাঁটিতে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।বেসামরিক আফগান লোকদের হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া মার্কিন সেনা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং ঘটনার সময় তিনি মদ্যপ ছিলেন বলে একটি প্রতিবেদনে বলা হয়েছে। আফগানিস্তান সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টার সঙ্গে এক বৈঠক শেষে এক বিবৃতিতে প্রেসিডেন্ট কারজাই গত বৃহস্পতিবার বলেন, ‘আন্তর্জাতিক নিরাপত্তাকর্মীদের আফগান গ্রামগুলো থেকে সরিয়ে নিয়ে একটি ঘাঁটিতে ফেরত পাঠাতে হবে।’গত রোববার রাতে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের একটি গ্রামে দায়িত্ব পালনকালে ওই মার্কিন সেনা নিরপরাধ ১৬ জন আফগান নাগরিককে গুলি করে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় পশ্চিমাদের আফগান কৌশলের বিষয়ে প্রশ্ন উঠেছে এবং সেখান থেকে বিদেশি সেনা প্রত্যাহার করে নেওয়ার দাবি আরও জোরালো হয়েছে।এদিকে নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে গত বৃহস্পতিবার বলা হয়, অভিযুক্ত ওই মার্কিন সেনা ঘটনার সময় মদ্যপ ছিলেন। আর ঘটনার দিন রোববার সকালে দক্ষিণ কান্দাহারের ঘাঁটি ছেড়ে যাওয়ার আগে স্ত্রীর সঙ্গে তাঁর মনোমালিন্য হয়েছিল। এ ছাড়া চতুর্থ কমব্যাটে তাঁর মোতায়েন নিয়ে তিনি মানসিকভাবে বেশ বিপর্যস্ত ছিলেন বলে অজ্ঞাতনামা মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়।আফগানিস্তানে ন্যাটো বাহিনীর উপযুক্ত আটককেন্দ্র না থাকায় অভিযুক্ত ওই সেনাকে গত বুধবার কুয়েতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। নিউইয়র্ক টাইমস-এর খবরে আরও বলা হয়, ওই সেনাকে কুয়েত থেকে শিগগিরই যুক্তরাষ্ট্রে নেওয়া হতে পারে। ৩৮ বছর বয়স্ক ওই সেনার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তিনি দুই সন্তানের জনক এবং ২০০১ সালে মার্কিন সেনাবাহিনীতে যোগ দেন বলে জানানো হয়েছে।কাবুলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১২ তুর্কি সেনা নিহত: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে গতকাল ১২ তুর্কি সেনা নিহত হয়েছেন। তুরস্কের সেনাবাহিনী এ কথা জানায়। এ ছাড়া চারজন বেসামরিক লোকও নিহত হন। রয়টার্স ও এএফপি।