ন্যাটোর বিমান হামলায় আফগানরা সাহায্য করবে না: কারজাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের আবাসিক এলাকায় ন্যাটো বিমান হামলায় সে দেশের নিরাপত্তা বাহিনী কোনো ধরনের সহযোগিতা করবে না। দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই এ কথা জানিয়ে দিয়েছেন। তিনি গতকাল রোববার এ-সংক্রান্ত একটি আদেশ জারিও করেছেন।যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের আফগান কমান্ডার জেনারেল জোসেফ ডানফোর্ড আফগান প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের প্রতি মতৈক্য পোষণ করে বলেছেন, তিনি কারজাইয়ের নির্দেশ মানতে প্রস্তুত।গত বুধবার রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে ন্যাটো জোটের এক বিমান হামলায় নারী ও শিশুসহ ১০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়। এতে দেশটিতে তীব্র জনরোষের সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে শনিবার কারজাই ঘোষণা দেন, ন্যাটো বিমান হামলায় স্থানীয় নিরাপত্তা বাহিনী অংশ নিতে পারবে না। তিনি এ ঘটনায় জেনারেল ডানফোর্ডকে তলবও করেন। তিনি বলেন, ‘আমাদের বাড়িঘরে বিদেশিদের আকাশপথের অভিযানের কোনো পর্যায়ে কোনো আফগান নিরাপত্তা বাহিনীকে কাজে লাগানো যাবে না।’জবাবে ডানফোর্ড বলেন, ‘প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী আফগানদের সহযোগিতা দিতে আমরা প্রস্তুত রয়েছি। প্রেসিডেন্টের কাছ থেকে বিস্তৃত নির্দেশনা পেয়েছি আমি। আমাদের প্রতিটি অভিযান নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করা হয়। আমি বিশ্বাস করি যে, এএনএসএফের (আফগান ন্যাশনাল সিকিউরিটি ফোর্সেস) প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে এবং আমরা প্রেসিডেন্টের নির্দেশনাও মেনে চলতে পারব।’ তিনি আরও বলেন, বেসামরিক লোকজনের প্রাণহানি কমিয়ে আনার ক্ষেত্রে ন্যাটো জোট অনেক অগ্রগতি অর্জন করেছে। আকাশপথ ছাড়াও আফগানদের সহযোগিতা করার সুযোগ রয়েছে।আফগানিস্তানে ন্যাটো অভিযানে বিশেষ করে অব্যাহত বিমান হামলায় বেসামরিক লোকজনের প্রাণহানি সাধারণ আফগানদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। সংবেদনশীল ইস্যুটি নিয়ে চাপে রয়েছে আফগান সরকার।২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনীকে প্রত্যাহার করা হবে। এ লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ের নিরাপত্তাসংক্রান্ত দায়িত্ব আফগানদের হাতে হস্তান্তর শুরু হয়েছে।হামিদ কারজাই বলেন, বিদেশি সেনাদের প্রত্যাহারের এই ব্যাপারে আফগানরা খুশি। তিনি বলেন, ‘বিদেশি সেনাদের এখন পর্যন্ত সব ধরনের সাহায্য-সহযোগিতায় আমরা খুশি। কিন্তু আমাদের দেশ রক্ষায় তাদের প্রয়োজন নেই। আমরা চাই, আফগান বাহিনীই মাতৃভূমি রক্ষা করুক।’ এএফপি ও বিবিসি।