ন্যাটোর বিমান হামলায় ৫ আফগান সেনা নিহত
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লগার প্রদেশের চারখ জেলায় গতকাল বৃহস্পতিবার ভোরে ন্যাটো বাহিনীর বিমান হামলায় পাঁচ আফগান সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আট সেনা। স্থানীয় কর্তৃপক্ষ এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট ওই হামলার সত্যতা নিশ্চিত করেছে।
কারজাইয়ের মুখপাত্র আইমাল ফাইজি বলেন, প্রেসিডেন্ট কারজাই ওই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। লগারে আফগান ন্যাশনাল আর্মির ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কারজাই সরকার।
চারখ জেলার গভর্নর খলিলউল্লাহ কামাল বলেন, বিদেশি সেনাদের সঙ্গে আফগান কর্মকর্তারা ওই ঘটনার কারণ অনুসন্ধানে আলোচনায় বসেছেন। তিনি ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মার্কিন চালকবিহীন একটি বিমান (ড্রোন) থেকে ওই হামলা চালানো হয়।
ন্যাটো জোট ওই হামলাকে দুর্ঘটনা বলে উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।
ন্যাটোর এক বিবৃতিতে বলা হয়, ‘আফগান অংশীদারদের সঙ্গে শক্তিশালী সম্পর্ককে আমরা গুরুত্ব দিই। আর ভবিষ্যতে এ ধরনের দুর্ভাগ্যজনক ভুল এড়াতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ঘটনার তদন্ত হচ্ছে।’
আফগান সেনাদের ওপর বিমান হামলার একাধিক ঘটনায় প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। কারজাই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন। ওই চুক্তিতে ২০১৪ সালের পরও আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন রাখার কথা বলা হয়েছে।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, লগারে বিমান হামলায় নিহত ব্যক্তিদের লাশ রাজধানী কাবুলে নেওয়া হয়েছে। ঘটনা তদন্তে একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে।
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বর্তমানে রাষ্ট্রীয় সফরে শ্রীলঙ্কায় রয়েছেন। লগারের হামলার ব্যাপারে তাঁর কার্যালয় থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রতি ‘তীব্র ক্ষোভ’ প্রকাশ করেন। তাঁর দেশে ১৩ বছরব্যাপী যুদ্ধের সমাপ্তি টানতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
কারজাই আগামী ৫ এপ্রিল অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন শেষে বিদায় নেবেন। রয়টার্স ও এএফপি।