ন্যাটোর বিমান হামলায় ৭০০ বেসামরিক লোক নিহত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় গত ১৯ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত ন্যাটোর বিমান হামলায় সাত শতাধিক বেসামরিক নাগরিক নিহত ও চার হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। লিবিয়া সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম গত মঙ্গলবার এ দাবি করেছেন। ত্রিপোলিতে এক সংবাদ সম্মেলনে মুসা ইব্রাহিম বলেন, গত ১৯ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত ন্যাটোর বিমান হামলায় ৭১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে চার হাজার ৬৭ জন। আহত ব্যক্তিদের মধ্যে ৪৩৩ জনের অবস্থা গুরুতর। এ পরিসংখ্যানের পক্ষে কোনো তথ্য-প্রমাণ তুলে ধরেননি তিনি। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুসা ইব্রাহিম বলেন, শুধু রাজধানী ও এর আশপাশেই এ হতাহতের ঘটনা ঘটেনি, এসব ঘটনা সারা দেশেই ঘটেছে।মুসা ইব্রাহিম বলেন, ন্যাটোর বিমান হামলায় অনেক সামরিক ব্যক্তিও হতাহত হয়েছে। তবে এ পরিসংখানে হতাহত সামরিক ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়নি। গত সোমবার ত্রিপোলিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা ও লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির বৈঠকে গাদ্দাফির ক্ষমতা ছেড়ে ‘সরে যাওয়ার কৌশল’ নিয়ে আলোচনার খবর নাকচ করে দিয়ে সরকারের এ মুখপাত্র বলেন, গাদ্দাফি চলে গেলে লিবিয়ার নিরাপত্তাব্যবস্থা বলতে আর কিছুই থাকবে না। আর এমনটি হলে সেটি হবে লিবিয়ার জনগণের জন্য সবচেয়ে শোচনীয় অবস্থা।এদিকে জ্যাকব জুমা প্রিটরিয়ায় প্রত্যাবর্তনের পর তাঁর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অব্যাহত চাপের মুখেও দেশ ছেড়ে কোথাও যাবেন না গাদ্দাফি। আলোচনা শুরু করতে বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন গাদ্দাফি। লিবীয় নেতা বলেছেন, নানা প্রতিকূলতার মধ্যেও দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য তিনি মোটেও প্রস্তুত নন। গাদ্দাফি ক্ষমতা থেকে সরে না গেলে, কোনো অস্ত্রবিরতি নয় বলে জানিয়ে আসছে ন্যাটো ও লিবিয়ার বিদ্রোহীরা।বিমান হামলায় বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক হতাহতের খবর অস্বীকার করে ন্যাটো বলছে, তারা গাদ্দাফির বাহিনীর হাত থেকে বেসামরিক নাগরিকদের রক্ষা করতেই বিমান হামলা চালিয়ে আসছে।গত মঙ্গলবার ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাতিনি বলেছেন, গাদ্দাফির শাসন শেষ হয়ে গেছে। তাঁকে অবশ্যই দেশ ছেড়ে চলে যেতে হবে। লিবিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত বেনগাজি শহরে বিদ্রোহীদের পররাষ্ট্রবিষয়ক প্রধান আলী আল-ইশাওয়ির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।লিবিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতেও ত্রিপোলির কেন্দ্রস্থলে বড় ধরনের অন্তত চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। গতকাল বুধবার ন্যাটো জোট লিবিয়ায় সেপ্টেম্বরের শেষ পর্যন্ত লিবিয়ায় সামরিক হামলা চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। বিবিসি ও এএফপি।