ন্যাটোর বিরুদ্ধে বিজয়ের দাবি মোল্লা ওমরের
তালেবান নেতা মোল্লা ওমর ন্যাটো বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বিজয়ের দাবি করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টিকেও সমর্থন করেছেন। অবশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের এখন কোনো আলোচনা চলছে না। ঈদুল ফিতর উপলক্ষে ঈদবার্তায় মোল্লা ওমর বলেন, এবারের গ্রীষ্মে তালেবানের হামলার অনন্য বৈশিষ্ট্য হলো, তারা দেশের সব এলাকায় পৌঁছাতে পেরেছে। তারা ন্যাটো ও আফগান বাহিনীকে আত্মরক্ষামূলক অবস্থানে পাঠাতে পেরেছে।মোল্লা ওমর বলেন, স্থানীয় নিরাপত্তা ইউনিটে তালেবানদের অনুপ্রবেশের ফল হিসেবে ‘গ্রিন অন ব্লু’ হামলা, অর্থাৎ ন্যাটোর সেনাদের বিরুদ্ধে তালেবানের হামলা বেড়েছে।আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীও চলতি গ্রীষ্মে এ ধরনের হামলা বাড়ার বিষয়টি স্বীকার করেছে। চলতি বছর ‘গ্রিন অন ব্লু’ হামলায় ৩৭ বিদেশি সেনা নিহত হয়েছে।ওমর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন, তাঁদের উদ্দেশে বলেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অর্থ তাদের কাছে নতি স্বীকার করা কিংবা লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া নয়। এএফপি।