ন্যাটোর রসদ সরবরাহের পথ খুলেদিতে পারে পাকিস্তান
আফগানিস্তানে অবস্থানরত সেনাদের জন্য ন্যাটোর রসদ সরবরাহের পথ শিগগিরই চালু করার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান। গত বছরের নভেম্বরে ন্যাটো বিমান হামলায় পাকিস্তানের ২৪ জন সেনা নিহত হওয়ার ঘটনায় রসদ সরবরাহের পথ বন্ধ করে দেয় ইসলামাবাদ। অল পাকিস্তান ওয়েল ট্যাঙ্কার ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মীর মোহাম্মদ ইউসুফ শাহওয়ানি বলেন, ‘তেল মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাঁকে জানিয়েছেন, পাকিস্তান কিছুদিনের মধ্যেই ন্যাটোর সরবরাহের পথ খুলে দেবে।’গতকাল পাকিস্তানের মন্ত্রিসভার প্রতিরক্ষা-বিষয়ক কমিটির (ডিসিসি) বৈঠকের পর প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিও এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, তাঁর সরকার ‘জাতীয় কৌশলগত স্বার্থ’ রক্ষা করে ন্যাটোর রসদ সরবরাহের পথ খুলে দেওয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবে।পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বর্তমানে সংকটময় মূহুর্ত পার করছে। এসব বিষয়ে সরকার তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেবে না।ওয়াশিংটন বলছে, পুনরায় ন্যাটোর রসদ সরবরাহের পথ চালু করার বিষয়ে দুই দেশের মধ্যে ‘তাৎপর্যপূর্ণ উন্নতি’ হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, ‘সরবরাহের পথ চালুর বিষয়ে সপ্তাহজুড়ে আমরা কাজ করব। সম্মেলনের (ন্যাটোর) আগেই যদি আমরা বিষয়টির সমাধান করতে পারি তাহলে, ব্যাপারটি চমৎকার হবে।’সরবরাহের পথ চালু করার জন্য যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ১০০ কোটিরও বেশি ডলার প্রাপ্তির নিশ্চয়তা দিয়েছে।এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ন্যাটো সম্মেলনে যোগ দেবেন। যুক্তরাষ্ট্রের শিকাগোতে ২০-২১ মে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর শীর্ষস্থানীয় নেতাদের এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়েরও অংশ নেওয়ার কথা রয়েছে।ন্যাটো হামলায় পাকিস্তানি সেনা নিহতের ঘটনায় পাকিস্তানের শামসি বিমান ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রকে সরে যেতে বাধ্য করা হয়। এমনকি জার্মানির বনে অনুষ্ঠিত আফগানিস্তান-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়া থেকেও বিরত থাকে ইসলামাবাদ। বিবিসি, এএফপি।