ন্যাটোর রসদ সরবরাহের বিরোধিতা করাতেই পুরস্কার ঘোষণা
পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার প্রতিষ্ঠাতা ও জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাইদকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র পুরস্কার ঘোষণা করায় তিনি নিজেই নিন্দা জানিয়েছেন।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে গত মঙ্গলবার বলা হয়, হাফিজ সাইদকে ধরিয়ে দিলে এক কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। লস্কর-ই-তাইয়েবা ও জামাত-উদ-দাওয়া দুটিই যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত সংগঠন। ওই ওয়েবসাইটে লস্কর-ই-তাইয়েবাকে জামাত-উদ-দাওয়ার সামরিক শাখা হিসেবে উল্লেখ করা হয়।হাফিজ সাইদ গত মঙ্গলবার বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তিনি সন্ত্রাসী হলে কোনো গুহা বা পর্বতময় এলাকায় লুকিয়ে থাকতেন। সাধারণত লুকিয়ে থাকা ব্যক্তিদের ধরিয়ে দিতে এমন পুরস্কার ঘোষণা করা হয়।সাইদ পাকিস্তানে অবস্থান করছেন। লাহোরে তাঁর আবাসস্থল থেকে বিভিন্ন স্থানে যাতায়াতও করছেন তিনি।সাইদ দাবি করেন, পাকিস্তান থেকে আফগানিস্তানে ন্যাটো বাহিনীর জন্য রসদ সরবরাহের পথ খুলে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করায় তাঁকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র এই পুরস্কার ঘোষণা করেছে। গত মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি মসজিদে এপির সঙ্গে কথা বলেন সাইদ। তিনি আরও বলেন, ‘আবারও ন্যাটোর রসদ সরবরাহের পথ খুলে দেওয়া হলে যে হুমকি আসবে, সেগুলোর বিষয়ে জনগণকে সচেতন করতেই আমরা বিক্ষোভের আয়োজন করছি।’সাইদ বলেন, ‘পাকিস্তানে আমরা মুক্তভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু এটা দুঃখজনক, যুক্তরাষ্ট্রের কাছে আমার সম্পর্কে তথ্য নেই। যারা গুহায় বা পার্বত্য এলাকায় লুকিয়ে থাকে, তাদের ধরিয়ে দিতেই সাধারণত যুক্তরাষ্ট্র এমন পুরস্কার ঘোষণা করে থাকে। জামাত-উদ-দাওয়া বা আমি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নই।’পাকিস্তানের গণমাধ্যম গতকাল বুধবার এ-সংক্রান্ত প্রতিবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘সন্দেহাতীত প্রমাণ ছাড়া’ সরকার সাইদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না।২০০৮ সালে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য লস্কর-ই-তাইয়েবাকে দায়ী করা হয়। ওই হামলায় ১৬৬ জন নিহত হয়। ওই ঘটনায় হাফিজ সাইদ জড়িত ছিলেন বলে ভারত অভিযোগ করছে। বিবিসি।