ন্যাটোর রাত্রিকালীন অভিযান বন্ধের দাবি কারজাইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই গতকাল মঙ্গলবার জরুরি ভিত্তিতে দেশটিতে রাতে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর অভিযান বন্ধের দাবি জানিয়েছেন। প্রেসিডেন্টের মুখপাত্র আয়মাল ফাইজি এ কথা জানান। ন্যাটো গত সোমবার দেশটিতে জঙ্গি নেতাদের ধরতে এ অভিযানকে সাধারণ নাগরিকদের জন্য নিরাপদতম অভিযান বলে দাবি করে। সেই সঙ্গে এ কার্যক্রম অব্যাহত রাখারও ঘোষণা দেয় সংস্থাটি। এরপরই আফগান প্রেসিডেন্ট এ দাবি জানালেন। মুখপাত্র আয়মাল জানান, প্রেসিডেন্ট কারজাই চান না কোনো বিদেশি বাহিনী রাতে আফগানদের বাড়িঘরে প্রবেশ করুক। তাই তিনি জরুরি ভিত্তিতে এ অভিযান বন্ধের দাবি জানিয়েছেন। রাতে ন্যাটো বাহিনী পরিচালিত এ অভিযান আফগানিস্তানে একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। গত মাসে আফগান প্রভাবশালী নেতাদের নিয়ে গঠিত লয়া জিরগার বৈঠকেও রাতের এ অভিযান বন্ধের দাবি জানানো হয়। আয়মাল ফাইজি বলেন, এখন ন্যাটো বাহিনী যা বলছে তা লয়া জিরগার সিদ্ধান্তের পরিপন্থী। লয়া জিরগাতে আফগানবাসীর দাবিরই প্রতিফলন ঘটে। তা ছাড়া ন্যাটোর অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা প্রেসিডেন্ট কারজাইয়ের চাওয়ারও বিরোধী। এএফপি।