ন্যাটোর সদস্যদেশগুলোকে খুনি বললেন গাদ্দাফি
সামরিক জোট ন্যাটোর সদস্যদেশগুলোকে খুনি বলে আখ্যা দিলেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি। লিবিয়ায় হামলা পরিচালনাকারীদের ‘অপরাধী’ ও ‘বর্বর’ বলেও উল্লেখ করেন তিনি। লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে গত বুধবার প্রচারিত এক অডিও বার্তায় এসব কথা বলেন গাদ্দাফি।এদিকে লিবিয়া অভিযানে যুক্তরাজ্যের সামরিক ব্যয় ২৫ কোটি পাউন্ডে পৌঁছেছে বলে দেশটির সরকারি সূত্রে জানা গেছে। ইতালি যত দ্রুত সম্ভব লিবিয়া অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে।অডিও বার্তায় গাদ্দাফি বলেন, তাঁরা মৃত্যুর আগ পর্যন্ত ‘বিদেশি বর্বর’ ও ‘ক্রুসেডারদের’ বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। ন্যাটোকে অপশক্তি আখ্যা দিয়ে তিনি বলেন, মিথ্যা বলার জন্য তাদের লজ্জিত হওয়া উচিত। তিনি বলেন, ‘আমরা ধ্বংস হব না। শত্রুদের নিশ্চিহ্ন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’গাদ্দাফি বলেন, ‘আপনারা আমাদের সন্তান, নাতি-নাতনিকে হত্যা করছেন। আপনাদের সঙ্গে আর কোনো মতৈক্য হতে পারে না।...আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আপনারা ফিরে যান।’ তিনি আরও বলেন, ‘আমরা ভয় পাচ্ছি না। লিবিয়া ছেড়ে কোথাও যাব না।’ন্যাটোর বিবৃতি উদ্ধৃত করে গাদ্দাফি বলেন, শিশুরা আছে জেনেও ন্যাটো হামলা চালিয়েছে। তিনি লিবিয়ায় বেসামরিক জনগণকে হত্যার বিষয়টি তদন্ত করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান।গত সোমবার ত্রিপোলির সুরমান এলাকায় গাদ্দাফির অন্যতম সহযোগী ও বিপ্লবী কমান্ড কাউন্সিলের সদস্য খুইলদি হামিদির বাড়িতে ন্যাটো বিমান হামলা চালায়। এতে বেসামরিক ১৯ জন লোক নিহত হয়। এ ঘটনার দুদিন পর গাদ্দাফি ন্যাটো সম্পর্কে এসব কথা বলেন।তবে ন্যাটো দাবি করেছে, তারা বেসামরিক কোনো লক্ষ্যবস্তুর ওপর হামলা চালায়নি। গত সোমবার তারা যেখানে হামলা চালিয়েছে, সেটি ছিল লিবিয়ার একটি সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র।ন্যাটোর মহাসচিব এন্ডার্স ফগ রামুসেন জানিয়েছেন, বেসামরিক লোকদের রক্ষায় তাদের বিমান হামলা অব্যাহত থাকবে। তিনি বলেন, ন্যাটো নয়, গাদ্দাফির বাহিনীই বেসামরিক লোকদের হত্যা করছে। তবে লিবিয়ার বেসামরিক লোক নিহত হওয়ার অভিযোগ তাঁরা তদন্ত করছেন।যুক্তরাজ্য গত ১৯ মার্চ থেকে শুরু হওয়া লিবিয়া অভিযানে অংশ নিচ্ছে। এই অভিযানে দেশটির এ পর্যন্ত ২৫ কোটি পাউন্ড খরচ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এই ব্যয়ের বিস্তারিত প্রকাশ করার কথা ছিল।ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো ফ্রাতিনি লিবিয়ায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য দ্রুত যুদ্ধবিরতি প্রয়োজন বলে উল্লেখ করেন। এ ছাড়া ন্যাটোর অভিযান সম্পর্কে বিস্তারিত প্রকাশ করারও আহ্বান জানান তিনি। বিবিসি, এএফপি।