ন্যাটোর সরবরাহ পথ খুলে দিচ্ছে পাকিস্তান
প্রায় ছয় মাস বন্ধের পর পাকিস্তান আবার আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর রসদ সরবরাহ পথ খুলে দিতে যাচ্ছে। গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আগামী সপ্তাহে শিকাগোয় অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ ন্যাটো শীর্ষ সম্মেলন সামনে রেখে এই সরবরাহ পথ ফের খুলে দিতে পাকিস্তানের কাছে পশ্চিমা দেশগুলো দাবি জানিয়েছিল।গত বছরের নভেম্বরে মার্কিন বিমান হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর ইসলামাবাদ আফগান সীমান্ত দিয়ে ন্যাটো বাহিনীর রসদ সরবরাহের ওই পথ বন্ধ করে দেয়। এর আগে একই বছর ২ মে মার্কিন কমান্ডো অভিযানে আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন নিহত হওয়ার ঘটনায় ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্ক নাজুক হয়ে পড়ে। সরবরাহ পথটি খুলে দেওয়ার বিষয়ে গতকাল মন্ত্রিসভার প্রতিরক্ষা কমিটির বৈঠকে বেসামরিক ও সামরিক নেতারা আলোচনা করেন। আজ বুধবার এ বিষয়ে সেনাপ্রধানসহ মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হবে। গতকালের আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানায়, সরকার ইতিমধ্যে পথটি খুলে দেওয়ার কার্যকর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আগামী সপ্তাহের শুরুতে এটি খুলে দেওয়া হতে পারে। এএফপি।