ন্যাটোর সরবরাহ ফের চালু নিয়ে বৈঠক বসছে পাকিস্তানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ছয় মাস ধরে চলা অবরোধের অবসান ঘটিয়ে আফগানিস্তানে পুনরায় ন্যাটোর রসদ সরবরাহ চালু করা নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন পাকিস্তানি নেতারা। আগামী সপ্তাহে তাঁরা এ বৈঠকে বসবেন। কর্মকর্তারা গতকাল শুক্রবার এ তথ্য জানান। কর্মকর্তারা জানান, চলতি মাসের শেষ নাগাদ আফগানিস্তান বিষয়ে অনুষ্ঠেয় ন্যাটোভুক্ত দেশের গুরুত্বপূর্ণ একটি শীর্ষ সম্মেলনে যোগদানের লক্ষ্যে এ সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কীভাবে পাকিস্তানের সম্পর্ক মেরামত করা যায়, তা নিয়েও ওই বৈঠকে আলোচনা করা হবে। বর্তমানে যুক্তরাজ্য সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি লন্ডন থেকে পাকিস্তানি মন্ত্রিসভার প্রতিরক্ষা কমিটির এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকটি অনুষ্ঠিত হবে ১৫ মে মঙ্গলবার। এ প্রসঙ্গে একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেন, ১৫ মে মন্ত্রিসভার প্রতিরক্ষা কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে। আর এর পরদিনই ১৬ মে মন্ত্রিসভারও একটি বৈঠক অনুষ্ঠিত হবে। অপর একজন কর্মকর্তা জানান, এসব বৈঠকে পাকিস্তানের ভেতর দিয়ে ন্যাটোর সরবরাহ পথ পুনরায় চালু করা হবে কি না সে বিষয়ে আলোচনা হবে। গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর ইসলামাবাদ আফগান সীমান্তবর্তী ন্যাটো সরবরাহ পথ বন্ধ করে দেয়। এএফপি।