ন্যাটোর স্বপ্ন ত্যাগ করছে ইউক্রেন

যদিও ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ন্যাটোতে না যাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার সম্ভাব্য হামলার আশঙ্কায় লিথুয়ানিয়ায় পাঠানো হচ্ছে জার্মান ট্যাংক। গতকাল জার্মানির মুনস্টারে একটি সামরিক ঘাঁটিতে।
ছবি: রয়টার্স

ইউক্রেন সংকট সমাধানে রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্ব তাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। এই পরিস্থিতি রাশিয়ার পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে, তাদের জলসীমায় কোনো বিদেশি যুদ্ধজাহাজ অবৈধভাবে প্রবেশ করলে রুশ বাহিনী তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। যদিও এই তপ্ত পরিস্থিতির মধ্যে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা বলছে ইউক্রেন। তারা ৪৮ ঘণ্টার মধ্যে দেশটির সঙ্গে আলোচনাও চেয়েছে। এর মধ্যে রাশিয়ার সঙ্গে যুদ্ধে না জড়াতে প্রয়োজনে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোয় যোগ দেওয়া থেকে বিরত থাকবে ইউক্রেন। যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম প্রাইস্তাইকো এ কথা বলেছেন।

ন্যাটোতে যোগ দেওয়ার ব্যাপারে ইউক্রেন তার অবস্থান পরিবর্তন করবে কি না, এমন প্রশ্ন গতকাল সোমবার করা হয় ভাদিম প্রাইস্তাইকোকে। জবাবে তিনি বলেন, ‘সম্ভবত এটা বলে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। ব্ল্যাকমেল করা হচ্ছে এবং এই অবস্থান থেকে সরে আসতে চাপ দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ইউক্রেন অনেক ছাড়ের জন্য প্রস্তুত।

যদিও ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকো ভিন্ন কথা বলেছেন। তিনি বলেন, যুক্তরাজ্যে তাঁদের রাষ্ট্রদূত যে কথা বলেছেন, তা সঠিক নয়। ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি সংবিধানে রয়েছে। এর বিপরীতে যায়, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

এদিকে ইউক্রেনের পক্ষ থেকে এমন অবস্থান পরিবর্তনের ইঙ্গিত পাওয়ার পর এ নিয়ে মন্তব্য করেছেন রুশ সরকারের প্রতিনিধি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ বলেন, ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে, তবে সেটি হবে রাশিয়ার পক্ষ থেকে জানানো উদ্বেগের পরিপ্রেক্ষিতে অর্থপূর্ণ পদক্ষেপ।

এদিকে সংকট সমাধানে গতকাল ইউক্রেন সফর করেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ। কিয়েভে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠকের পর জেলেনস্কি বলেন, রশিয়া জার্মানি পর্যন্ত যে গ্যাসলাইন স্থাপন করেছে, সেই নর্ড স্ট্রিম–২–কে অস্ত্র হিসেবে ব্যবহার করছে মস্কো। ওলাফ শলৎজ বলেন, ‘রাশিয়া ও ইউরোপের নিরাপত্তা ইস্যুতে আমরা আলোচনার জন্য প্রস্তুত।’ এ কথা বলে রাশিয়ার সঙ্গে আবারও আলোচনার বিষয়টিকেই সামনে আনলেন তিনি। ইউক্রেন থেকে জার্মান চ্যান্সেলরের মস্কোতে যাওয়ার কথা রয়েছে। তিনি সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। ইউক্রেন সংকট সমাধানে পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য পুতিনকে উপদেশ দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে পুতিনের বৈঠক, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেনের মধ্যে বৈঠকের পরও এই সংকটের কোনো সমাধান হয়নি। আর রাশিয়াও তার অবস্থান থেকে সরে আসেনি। এই পরিস্থিতিতে গতকাল রাষ্ট্রদূতের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ন্যাটোতে যোগ দেওয়ার ব্যাপারে ‘নমনীয় অবস্থানে’ ইউক্রেন।

২০০৮ সালে ন্যাটো প্রতিশ্রুতি দিয়েছিল, একসময় ন্যাটোর সদস্য হতে পারবে ইউক্রেন। এ প্রতিশ্রুতিরই প্রত্যাহার চায় রাশিয়া। কারণ, ইউক্রেন যদি ন্যাটোয় যোগ দেয়, তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী রুশ সীমান্তে চলে আসবে। এ প্রসঙ্গে পুতিন বলেছিলেন, ইউক্রেন এমন পদক্ষেপ নিলে তা পরিস্থিতিকে যুদ্ধের দিকে ঠেলে দেবে।

ইউক্রেনের ন্যাটোতে যোগ দিতে চাওয়ার কারণে অতিশয় ক্ষুব্ধ ক্রেমলিন। চলমান ইউক্রেন সংকটের অন্যতম কারণ এটা। ফলে ক্রেমলিন যেকোনো উপায়ে ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত হওয়া ঠেকাতে চায়। এই বিষয়সহ পূর্ব ইউরোপের বিভিন্ন নিরাপত্তার বিভিন্ন ইস্যুকে সামনে এনে ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি সেনা মোতায়েন করে রাশিয়া। এরপর পশ্চিমা বিশ্বও পূর্ব ইউরোপে সামরিক তৎপরতা বাড়ায়। এতে উত্তেজনা আরও বেড়ে যায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে, যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া।

বিদেশি যুদ্ধজাহাজ জলসীমায় ঢুকলেই আক্রমণ

এদিকে ইউক্রেন নিয়ে পশ্চিমা দেশগুলোকে হুমকি দিয়েছে রাশিয়া। দেশটির সেনাবাহিনীর জেনারেল স্টাফদের মেইন অপারেশনাল বিভাগের উপপ্রধান স্তানিস্লাভ গাদজিমাগোমেদভ বলেন, নিজেদের জলসীমায় কোনো বিদেশি যুদ্ধজাহাজ অনুপ্রবেশ করলে কামানের গোলা ছুড়ে জবাব দেওয়া হবে। তাঁরা প্রস্তুত রয়েছেন। তাঁর এই মন্তব্য এমন এক সময় এল, যার দুই দিন আগে মার্কিন একটি সাবমেরিনকে তাড়া করেছিল রুশ নৌযান। প্রশান্ত মহাসাগরে রাশিয়ার জলসীমায় প্রবেশ করেছিল মার্কিন ওই সাবমেরিন।