ন্যাটোর হামলার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চাইতে হবে যুক্তরাষ্ট্রকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাটোর বিমান হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এ ছাড়া তারা পাকিস্তানের অভ্যন্তরে আর কোনো চালকবিহীন বিমান (ড্রোন) হামলা চালাতে পারবে না। পাকিস্তানের একটি পার্লামেন্টারি কমিটি গতকাল মঙ্গলবার এসব দাবি জানিয়েছে।জাতীয় নিরাপত্তাবিষয়ক ওই কমিটি যেসব সুপারিশ করেছে তার ওপর গতকাল পাকিস্তানের পার্লামেন্টে বিতর্ক শুরু হয়। গত বছরের নভেম্বরে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর বিমান হামলায় পাকিস্তানি সেনা হতাহত হওয়ার পর দেশ দুটির প্রায় ভেঙে পড়া কূটনৈতিক সম্পর্ক পুনর্মূল্যায়নের দায়িত্ব ন্যস্ত ছিল এ কমিটির ওপর। বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে কমিটি যেসব সুপারিশ করেছে সেগুলোকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।ওই বিমান হামলাকে ‘পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন’ আখ্যা দিয়ে পার্লামেন্টারি কমিটি সুপারিশ করেছে, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। কমিটি বলেছে, ‘কোনো প্রকার উসকানি ছাড়াই ওই হামলার জন্য যুক্তরাষ্ট্র যাতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে, সে বিষয়ে পাকিস্তানের কাজ করা উচিত।’যেকোনো প্রকার ড্রোন হামলা বন্ধের দাবি জানিয়ে কমিটি বলেছে, দেশের অভ্যন্তরে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো প্রকার বহিরাক্রমণ বরদাশত করা হবে না। কমিটি সুপারিশ করেছে, পাকিস্তানের আকাশসীমা বা কোনো ঘাঁটি বিদেশি সেনাদের ব্যবহার করতে দেওয়ার আগে অবশ্যই সে বিষয়ে পার্লামেন্টের অনুমতি নিতে হবে। এ ছাড়া সীমান্তের কাছাকাছি এলাকাগুলোতে আকাশপথের নতুন রূপরেখা প্রণয়নে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে ওই সুপারিশমালায়।কমিটি বলেছে, পাকিস্তানের ওপর দিয়ে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র বা ন্যাটোর রসদ সরবরাহ পুনরায় শুরুর আগে চুক্তির সব শর্ত অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে। দেশের ওপর দিয়ে সব ধরনের পণ্য পরিবহনের জন্য নির্ধারিত করসহ অন্যান্য সব শুল্ক অবশ্যই পরিশোধ করতে হবে। দেশের ভেতরে রসদ প্রবেশ করার সময় থেকে বের হওয়া পর্যন্ত পাকিস্তানি কর্তৃপক্ষের কড়া নজরদারি থাকতে হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্র বা ন্যাটোর রসদবাহী কনটেইনারের ৫০ শতাংশ পাকিস্তানের রেলওয়ের মাধ্যমে পরিবহন করার সুপারিশ করা হয়েছে।কমিটি বলেছে, জাতীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট বিষয়গুলোতে সরকার, সরকারের কোনো মন্ত্রণালয় বা দপ্তর কোনো মৌখিক চুক্তিতে উপনীত হতে পারবে না। পাকিস্তানের ভেতরে কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার কার্যক্রম পরিচালনা করতে হলে এবং তাদের কর্মীর সংখ্যার বিষয়ে পূর্বানুমতি নিতে হবে।পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে কমিটির এসব সুপারিশমালার ওপর বিতর্ক দ্রুত শেষ হওয়ার কথা ছিল। তবে পার্লামেন্টে বিরোধীদলীয় এক নেতা বলেছেন, কমিটির এসব সুপারিশ খতিয়ে দেখতে তাঁদের সময় লাগবে। আগামী সোমবার এর ওপর আবার বিতর্ক অনুষ্ঠিত হবে।এদিকে গত নভেম্বরের পর থেকেই ওয়াশিংটনের কর্মকর্তারা বলে আসছেন, তাঁরা ইসলামাবাদের সঙ্গে সম্পর্কের বিষয়ে ‘কৌশলগত ধৈর্য’ ধরে আসছেন। সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সফলতা পেতে পাকিস্তানের সহযোগিতা যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পার্লামেন্টারি কমিটি যদিও পাকিস্তানের ওপর দিয়ে যুক্তরাষ্ট্র বা ন্যাটোর রসদ সরবরাহ একেবারে বন্ধ করে দেওয়ার সুপারিশ করেনি, তার পরও বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে কমিটি যেসব দাবি তুলেছে, তা দুই দেশের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পথ আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। এএফপি, এপি ও ডন অনলাইন।