ন্যাটো বাহিনীর বিমান হামলায় গত মাসে ২৪ পাকিস্তানি সেনার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, এটা খুবই দুঃখজনক একটি ঘটনা।এই দুঃখ প্রকাশ আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা নয়। তবে ওই ঘটনার পর পাকিস্তানে যে ক্ষোভ দেখা দিয়েছে, তা প্রশমিত করতেই ওবামা এই দুঃখ প্রকাশ করেছেন বলে ধারণা করা হচ্ছে।গত রোববার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ন্যাটোর হামলায় পাকিস্তানি সেনাদের মৃত্যুর ঘটনায় ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করতে প্রেসিডেন্ট জারদারিকে ফোন করেন ওবামা। তিনি বলেছেন, ওই ঘটনা ইচ্ছকৃত নয়। বরং ভুলক্রমে তা ঘটেছে এবং যুক্তরাষ্ট্র বিষয়টি তদন্ত করে দেখবে।আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে জার্মানিতে আন্তর্জাতিক সম্মেলনের আগে জারদারিকে ফোন করে এ কথা বললেন ওবামা। তবে ২৬ নভেম্বরের ওই হামলার প্রতিবাদে জার্মানিতে সম্মেলনে যোগ দিচ্ছে না পাকিস্তান।গত মে মাসে পাকিস্তান ভূখণ্ডে ঢুকে মার্কিন কমান্ডোরা আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার পর থেকে পাকিস্তান-মার্কিন সম্পর্কের অবনতি হয়। এর পর থেকে বিভিন্ন ঘটনায় টানাপোড়েন আরও বেড়েছে।এর আগে গত শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ২৪ জন সেনা নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে ফোন করে দুঃখ প্রকাশ করেন ।বিমানঘাঁটি সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র: ইসলামাবাদের দাবির মুখে পাকিস্তান থেকে নিজেদের একটি বিমানঘাঁটি সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে তালেবান ও আল-কায়েদা জঙ্গিদের ওপর ড্রোন হামলা চালাতে ওই ঘাঁটিটি ব্যবহার করত মার্কিন বাহিনী।২৬ নভেম্বর ন্যাটোর বিমান হামলায় ২৪ সেনার মৃত্যুর পর থেকে ওই ঘাঁটিটি সরিয়ে নেওয়ার দাবি করে আসছিল পাকিস্তান। কিন্তু এতে করে ড্রোন হামলা বাধাগ্রস্ত হবে বলে মনে হয় না। কেননা দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের শামসি এলাকার ওই ঘাঁটি মার্কিন বাহিনী শুধু ব্যবহার করত ড্রোন বিমানের যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য।সব চুক্তি পর্যালোচনা করবে পাকিস্তান: সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের আমলে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে পাকিস্তানের এযাবৎ করা সব চুক্তি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী গিলানি। ২৬ নভেম্বরের হামলার পরিপ্রেক্ষিতে এটা করা হবে বলে তিনি জানান।পাকিস্তানের ডন পত্রিকার খবরে একথা বলা হয়। পিটিআই।