ন্যাটোর হামলায় পাকিস্তানের সবুজ সংকেত ছিল!
ন্যাটোর যে বিমান হামলায় পাকিস্তানের ২৬ জন সেনা নিহত হয়েছেন, সেই অভিযানে ইসলামাবাদের সবুজ সংকেত ছিল। তবে পাকিস্তানের ধারণা অনুযায়ীলক্ষ্যবস্তু ছিল তালেবান। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।পাকিস্তানের পক্ষ থেকে ন্যাটোকে জানানো হয়, ওই এলাকায় পাকিস্তানের কোনো সেনা নেই। কিন্তু হামলা চালানোর পর দেখা যায়, ভুল হয়ে গেছে। কর্মকর্তারা দুই পক্ষেরই ভুলের কথা স্বীকার করেন। প্রতিবেদনে আরও বলা হয়, ওই এলাকায় কারা কোথায় ছিল বা কী করছে, এ ব্যাপারে কারও পরিষ্কার ধারণা ছিল না।এদিকে পাকিস্তানের সামরিক বাহিনীর ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ন্যাটোর ওই হামলায় পাকিস্তানের বিমানবাহিনী সম্পৃক্ত হওয়ার কথা ছিল। কিন্তু যোগাযোগ-বিভ্রাটের কারণে সময়মতো সিদ্ধান্ত নিতে পারেনি। তবে এটি বিমানবাহিনীর গাফিলতি নয় বলে দাবি করা হয়।পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সেনাচৌকিতে গত ২৬ নভেম্বর সামরিক জোট ন্যাটোর হামলায় ২৬ জন পাকিস্তানি সেনা নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান দেশটি থেকে আফগানিস্তানে নিয়োজিত ন্যাটো বাহিনীর জন্য রসদ সরবরাহের পথ বন্ধ করে দেয়। এ ছাড়া ১৫ দিনের মধ্যে দেশটির শামসি বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রকে সরে যাওয়ার নির্দেশ দেয়।ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে ন্যাটোর হামলা নিয়ে মার্কিন বাহিনীর প্রাথমিক তদন্ত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, এটি এক দশক ধরে চলা আফগানযুদ্ধে দুই মিত্রের মধ্যে সবচেয়ে বড় ‘ফ্রেন্ডলি ফায়ারের’ ঘটনা।মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, আফগান বাহিনীর নেতৃত্বে মার্কিন কমান্ডো বাহিনী আফগান-পাকিস্তান সীমান্তে তালেবান জঙ্গিদের তাড়া করে। এ সময় তালেবান তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন ওই এলাকায় বিমান হামলার সিদ্ধান্ত হয়। ওই হামলায় পাকিস্তান বাহিনীরও থাকার কথা ছিল।পাকিস্তানের সামরিক বাহিনীর ওয়েবসাইটে বলা হয়, পাকিস্তানের বিমানবাহিনী সঠিক সময়ে ন্যাটোর সঙ্গে যোগ দিতে পারলে ওই হামলা সফল হতো। এ জন্য পাকিস্তানি বিমানবাহিনী দায়ী নয়। হামলার শিকার তল্লাশি চৌকির সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ায় বিমানবাহিনীর পক্ষে সময়মতো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি গতকাল বলেন, ‘আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার মতো কোনো ঘটনা ঘটেছে বলে আমি মনে করি না।’ এর আগে যুক্তরাষ্ট্র, জার্মানি ও আফগানিস্তান ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানান। রয়টার্স, এএফপি।