ন্যাপিতে খাড়া ঘণ্টার পর ঘণ্টা
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বাসে কন্ডাক্টর (চালকের সহকারী) হিসেবে কাজ করেন নারীরা। দিনের বেশির ভাগ সময় তাঁদের বাইরে থাকতে হয়। কিন্তু তাঁদের শৌচাগার ব্যবহারের কোনো ব্যবস্থা নেই। এ জন্য কোনো বাড়তি সময়ও দেওয়া হয় না এই নারী কন্ডাক্টরদের। শৌচাগারে যাওয়ার বিকল্প হিসেবে তাঁরা প্রাপ্তবয়স্কদের ব্যবহারোপযোগী ন্যাপি (যা ডায়াপার বলে পরিচিত) ব্যবহার করেন।
এতে তাঁরা থাকেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে। তাঁরা মূত্রনালিতে সংক্রমণ ও জরায়ু ক্যানসারে আক্রান্ত হন।
বাসের নারী কন্ডাক্টররা সারা দিন দূষিত পরিবেশ ও কড়া রোদের মধ্যে কাজ করেন। বাস চলার সময় শৌচাগার ব্যবহার করার প্রয়োজন হলেও তাঁদের কোনো বিরতি দেওয়া হয় না।
বাসের চালকের নারী সহকারী ওয়াচাহারি ভিরিয়া বলেন, এটা ব্যবহার করা খুবই অস্বস্তিকর। বদলানোর প্রয়োজন হলেও যাত্রাবিরতি না থাকায় তা সম্ভব হয় না। নোংরা ন্যাপি ব্যবহারের ফলে একসময় তাঁর জরায়ুতে ক্যানসার ধরা পড়ে। তাঁকে অস্ত্রোপচার করাতে হয়। চিকিত্সক জানান, নোংরা ন্যাপি থেকে জীবাণুর সংক্রমণের ফলেই এমনটা ঘটেছে।
সম্প্রতি এক জরিপে দেখা গেছে, ব্যাংককের নারী বাস কন্ডাক্টরদের ২৮ শতাংশই শৌচাগার ব্যবহারের জন্য বিরতি না থাকায় ন্যাপি পরে থাকেন। দিনে এই নারী কন্ডাক্টরদের প্রায় ১৬ ঘণ্টা কাজ করতে হয়। আর পুরো সময়ই তাঁদের শৌচাগারের অভাবে এভাবে কষ্ট পেতে হয়। ওম্যান অ্যান্ড ম্যান প্রগেসিভ মুভমেন্ট ফাউন্ডেশনের পরিচালক জাদেদ চৌলাই বলেন, এ ঘটনায় তাঁরা ব্যথিত। তাঁরা দেখেছেন অনেক নারী কন্ডাক্টরই মূত্রনালির বিভিন্ন সংক্রমণে ভুগছেন। তাঁদের ব্লাডারে পাথরও পাওয়া গেছে। অনেকে জরায়ু ক্যানসারেও ভুগছেন।
ব্যাংককের ম্যাস ট্রানজিট অথরিটি লেবার ইউনিয়নের সেক্রেটারি চুতিমা বুনজাই বলেন, নারী বাস কন্ডাক্টরদের অবস্থা ভালো নয়। বিভিন্ন বাসের রুটে ও টার্মিনালে আরও বেশি শৌচাগার তৈরি করা দরকার বলে তিনি জানান। চুতিমা বনজাই বলেন, নারী কন্ডাক্টরদের দীর্ঘ সময় রোদের মধ্যে কাজ করতে হয়। ক্ষুধার্ত হলেও তাঁরা খাবার পান না। এমনকি যখন তাঁরা শৌচাগারে যাওয়ার প্রয়োজন অনুভব করেন, তখনো যেতে পারেন না। শুধু বাসের নারী কন্ডাক্টররা নন, চালকেরাও মেরুদণ্ডের ব্যথা ও অর্শরোগে ভোগেন। তিনি বলেন, দীর্ঘ সময় গরমের মধ্যে কাজ করার জন্য চালকেরা ক্যানসার, স্ট্রোক ও উচ্চ রক্তচাপে ভোগেন।
চুতিমা বলেন, চালকেরা ও নারী কন্ডাক্টররা দৈনিক মাত্র ৭৭৬ টাকা (১০ মার্কিন ডলার) বেতন পান। তাঁদের কাজকে সহজ করে তোলার জন্য প্রযুক্তিগত কোনো সুবিধাও দেওয়া হয় না। তিনি আরও বলেন, কর্মীরা কাজের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যবোধ করছেন কি না, এ নিয়ে মালিকপক্ষের কোনো চিন্তাভাবনা নেই।