ন্যাশনাল ফোর্সেস অ্যালায়েন্সের এগিয়ে থাকার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় সাধারণ নির্বাচনে মাহমুদ জিবরিলের নেতৃত্বাধীন ন্যাশনাল ফোর্সেস অ্যালায়েন্স প্রাথমিক ভোট গণনায় এগিয়ে রয়েছে বলে জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে।ন্যাশনাল ফোর্সেস জোটের মহাসচিব ফয়সাল ক্রেকসি গতকাল রোববার বলেন, ‘অধিকাংশ নির্বাচনী এলাকায় ভোট গণনার ক্ষেত্রে দেখা গেছে, ন্যাশনাল ফোর্সেস অ্যালায়েন্স এগিয়ে রয়েছে।’গত বছর লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ শুরু হলে মাহমুদ জিবরিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ওই সময় তিনি যুদ্ধকালীন লিবিয়ার বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।এদিকে, নির্বাচনের ফলাফলে ন্যাশনাল ফোর্সেসের এগিয়ে থাকার খবর স্বীকার করেছে প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থী দল জাস্টিস অ্যান্ড কনস্ট্রাকশন পার্টি।জাস্টিস পার্টির প্রধান মোহাম্মদ সাওয়ান বলেছেন, ‘মিসরাতা ছাড়া দেশের বেশ কিছু বড় শহরে ন্যাশনাল ফোর্সেস অ্যালায়েন্স ভালো ফল করেছে। ত্রিপোলি ও বেনগাজিতে দলটি স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে।’লিবিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে। আজ সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ভোটের প্রাথমিক পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। এএফপি।