ন্যায়ভিত্তিক আমেরিকা গড়তে সমলিঙ্গের বিয়ে যৌক্তিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যায়ভিত্তিক আমেরিকা গড়ে তোলার পথে সমলিঙ্গের বিয়েকে একটি ‘যৌক্তিক’ মাইলস্টোন হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত বৃহস্পতিবার এক নির্বাচনী তহবিল সংগ্রহের অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠান থেকে ওবামা দেড় কোটি ডলার তহবিল সংগ্রহ করেছেন।মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ছয় মাস বাকি। বর্তমান প্রেসিডেন্ট ওবামা আগামী নভেম্বরের ওই নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার চেষ্টা করছেন। বর্তমানে তিনি তহবিল সংগ্রহে নেমেছেন। এর অংশ হিসেবে আমেরিকান অস্কারবিজয়ী অভিনেতা, পরিচালক ও প্রযোজক জর্জ ক্লুনির হলিউড হিলসের বাড়িতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওবামা প্রথমবারের মতো গত বুধবার সমলিঙ্গের বিয়ের বিষয়ে তাঁর অবস্থান পরিষ্কার করেন। এবিসি টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি তাঁর আগের অবস্থান থেকে সরে আসার ঘোষণা দিয়ে বলেন, ‘আমি মনে করি, সমকামীদের বিয়ে করতে দেওয়া উচিত।’বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানে ওবামা বলেন, ‘গতকাল (বুধবার) আমরা নতুন খবর দিয়েছি। সত্য হচ্ছে, এটা একটি যৌক্তিক সংযোজন, যা আমেরিকার জন্য দরকার ছিল।’ অনুষ্ঠানে ক্লুনির বক্তব্যের পর ওবামাকে পরিচয় করিয়ে দেন অনুষ্ঠানের আয়োজক জেফারি কাটজেনবার্গ। তিনি ২০০৮ সালের নির্বাচনী প্রচারাভিযানের সময় ওবামার সেই স্লোগান ‘হ্যাঁ, আমরা পারি’ সবাইকে স্মরণ করিয়ে দেন। এরপর তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা পেরেছি। গতকাল (বুধবার) তিনি (ওবামা) আবারও সঠিক কাজটি করে দেখিয়েছেন।’ অনুষ্ঠানে বারবারা স্ট্রেইস্যান্ড ও রবার্ট ডৌনি জুনিয়র থেকে শুরু করে জ্যাক ব্ল্যাক, বিলি ক্রিস্টাল ও সালমা হায়েক এবং ফ্যাশন ডিজাইনার ডিয়ানে ভন ফারস্টেইনবার্গের মতো তারকারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৫০ জন অতিথি প্রতিটি টিকিটের জন্য ৪০ হাজার ডলার করে দেন। এএফপি।