ন্যূনতম মজুরি বৃদ্ধি পেলে কর্মসংস্থান হ্রাস পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কর্মজীবীদের জন্য ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হলে কর্মসংস্থান হ্রাস পাবে। যদিও মজুরি বৃদ্ধির ফলে লোকজনের দারিদ্র্য কমবে। নাগরিকদের আয় বৃদ্ধির ফলে অর্থনৈতিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে।

গতকাল মঙ্গলবার কংগ্রেসের নির্দলীয় বাজেট দপ্তরের এ-সংক্রান্ত তথ্য বিশ্লেষণ প্রকাশ করা হয়েছে।

মজুরি বৃদ্ধি নিয়ে টানা বিতর্কের মুখে মার্কিন কংগ্রেসের নির্দলীয় বাজেট দপ্তর থেকে এসব কথা বলা হয়। প্রেসিডেন্ট বারাক ওবামা গত স্টেট অব ইউনিয়ন বক্তৃতায় কর্মজীবীদের ন্যূনতম মজুরি ১০ দশমিক ১০ ডলার করার আহ্বান জানিয়েছেন। বর্তমানে ন্যূনতম মজুরি ৭ দশমিক ২৫ ডলার।

বিশ্লেষণে বলা হয়, ন্যূনতম মজুরি বৃদ্ধি কার্যকর হলে ২০১৬ সালের শেষার্ধে পাঁচ লাখ লোকের কর্মসংস্থান হ্রাস পাবে। ফলে দেশজুড়ে বেকারত্ব আরও বাড়বে। তবে একই তথ্যে বলা হয়েছে, মজুরি বৃদ্ধির ফলে নয় লাখ লোক দরিদ্রসীমা অতিক্রমে সক্ষম হবে। একই সঙ্গে প্রায় দেড় কোটি লোকের গড় আয় বৃদ্ধি পাবে।

কংগ্রেসের নির্দলীয় বাজেট দপ্তরের এ তথ্য বিশ্লেষণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

হোয়াইট হাউস থেকে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় বলা হয়, বাজেট দপ্তরের এ বিশ্লেষণে ঘাপলা রয়েছে। হোয়াইট হাউসের কাউন্সিল অব ইকোনমিক উপদেষ্টা জেমস ফারম্যান বলেছেন, মজুরি বৃদ্ধির ফলে কর্মসংস্থান হ্রাস পাওয়ার আশঙ্কাটি একটু বেশি মাত্রায় দেখানো হয়েছে। ন্যূনতম মজুরি বৃদ্ধির পক্ষে প্রবল জনমত থাকলেও রিপাবলিকানরা তাদের নেতিবাচক অবস্থানে অনড়। রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেল বলেন, মজুরি বৃদ্ধির ফলে কমপক্ষে এক কোটি লোক কর্মসংস্থান হারাবে; যা দেশের অর্থনৈতিক অবস্থাকে আরও নাজুক করে তুলবে।

বাজেট দপ্তরের বিশ্লেষণে দেখানো হয়েছে, বর্তমান ন্যূনতম মজুরি ৭ দশমিক ২৫ ডলার থেকে বৃদ্ধি করা হলে এর নিশ্চিত প্রভাব পড়বে সর্বত্র। বাণিজ্য প্রতিষ্ঠানগুলো স্বল্পসংখ্যক কর্মী নিয়োগে বাধ্য হবে। কর্মহীন হয়ে পড়া লোকজন সহজেই  কাজ পাবে না। ফলে শ্রমবাজারে নেতিবাচক অবস্থা বিরাজ করবে।

উদারনৈতিক মহল থেকে বাজেট দপ্তরের দেওয়া তথ্যকে সঠিক নয় বলে মন্তব্য করা হয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লরেন্স কাটজ বলেছেন, বাজেট দপ্তরের দেওয়া তথ্য প্রচলিত ধারণা প্রসূত। ন্যূনতম মজুরি বৃদ্ধির ফলে লোকজনের কর্মসংস্থানে কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়বে না বলে তিনি মনে করেন।

ডেমোক্র্যাট দলের প্রভাবশালী আইনপ্রণেতা ও সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ন্যূনতম মজুরি বৃদ্ধির ফলে কমপক্ষে এক কোটি লোকের দারিদ্র্য দূর হবে। তিনি বলেন, মজুরি বৃদ্ধির ফলে নিম্ন আয়ের লোকজনের আয় বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক চাঞ্চল্যে এ অর্থপ্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।