পাকিস্তানে গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত সরকার এই প্রথম তার পূর্ণ মেয়াদ শেষ করেছে। একই সঙ্গে একটি তত্ত্বাবধায়ক সরকার কাঠামোর অধীনে ক্ষমতা হস্তান্তর করেছে। দেশটির নাজুক গণতন্ত্রের ইতিহাসে এটি একটি মাইলফলক। বিশ্লেষকেরা মনে করেন, অতীতের গণতান্ত্রিক সরকারগুলোর পরিণতি বিবেচনায় নজিরবিহীন এবং তুলনামূলক শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের এ ঘটনার গুরুত্ব অপরিসীম।১৯৭০ সালে পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পর থেকে ২০০৮ সালের নির্বাচনের আগ পর্যন্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব ছিল সুস্পষ্ট। নির্বাচন-পূর্ব ছলচাতুরী, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো অভিযোগে পূর্বের সব গণতান্ত্রিক সরকারের মেয়াদই মাঝপথে থেমে গেছে।সামরিক শাসক ও তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের তত্ত্বাবধানে ১৯৭০-এর নির্বাচনের শুরু থেকেই পাকিস্তানের রাজনীতিতে টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। জাতীয় পরিষদের ওই নির্বাচনে শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হলেও দলটির কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়নি। এতে পূর্ব পাকিস্তানে (পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে) গণ-অভ্যুত্থান শুরু হয়।গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় অনুষ্ঠিত স্বাধীনতাযুদ্ধে পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্রই কেবল হয়নি, এর ধাক্কায় ঠাটসর্বস্ব জেনারেল ইয়াহিয়া খান জুলফিকার আলী ভুট্টোর কাছে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। বাংলাদেশের স্বাধীনতা ও ভুট্টোর ক্ষমতা গ্রহণের পরও বিশৃঙ্খলা থেমে থাকেনি। ৭০-এর দশকজুড়ে ভুট্টোর শাসনামলে সফলতার পাশাপাশি প্রাধান্য ছিল নানা প্রতিবন্ধকতার। ওই সময় বেলুচিস্তানের নির্বাচিত প্রাদেশিক সরকার ভেঙে দেওয়ায় শুরু হয় নতুন করে অসন্তোষ ও জনরোষ। অসন্তোষ মোকাবিলায় সামরিক হস্তক্ষেপে বিপুল হতাহতের ঘটনা ঘটে। সৃষ্টি হয় কেন্দ্র ও প্রাদেশিক সরকারের মধ্যে অচলাবস্থার। আজও এর অবসান হয়নি।রাজনৈতিক অস্থিতিশীলতা ও জনবিশৃঙ্খলার মধ্যে ১৯৭৭ সালের নির্বাচনে ক্ষমতাসীন হয় ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। কিন্তু বিরোধী জোটের প্রবল চাপ এবং জেনারেল জিয়াউল হকের রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানে অল্প সময়ের মধ্যেই ভুট্টো সরকারকে ক্ষমতাচ্যুত হতে হয়। জিয়াউল হকের সামরিক সরকার নয় বছর দেশ শাসন করে।১৯৮৮ সালে রহস্যজনক বিমান দুর্ঘটনায় এই সামরিক শাসকের মৃত্যু হলে রাজনীতিবিদেরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। এরপর বেনজির ভুট্টো ও নওয়াজ শরিফের গণতান্ত্রিক সরকারের মধ্যে ক্ষমতার পালাবদল ঘটতে থাকলেও তাঁরা কেউ পাঁচ বছরের মেয়াদ শেষ করতে পারেননি। পরবর্তীকালে ১৯৯৯ সালে জেনারেল পারভেজ মোশাররফ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন। ২০০৭ সালে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো আততায়ীর গুলিতে নিহত হন। বেনজিরের জনপ্রিয়তাকে পুঁজি করে ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হয় তাঁর দল পিপিপি। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির নেতৃত্বে পিপিপি সরকার সম্প্রতি পাঁচ বছরের মেয়াদ শেষ করল।