নয় দিন পর জীবিত উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্প ও সুনামিবিধ্বস্ত জাপানে একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার নয় দিন পর এক কিশোর ও তার দাদিকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত রোববার তাঁদের উদ্ধার করা হয়।১১ মার্চের ভূমিকম্পের সময় কিশোর জিন অ্যাবে ও তার দাদি সুমি অ্যাবে তাঁদের কাঠের বাড়িটির দোতলার রান্নাঘরে অবস্থান করছিলেন। ভূমিকম্পে বাড়িটি বিধ্বস্ত হয়। ধ্বংসস্তূপের মধ্যেই ১৬ বছরের অ্যাবে বাঁচার জন্য প্রয়োজনীয় খাদ্য ও পানীয় সংগ্রহ করতে সক্ষম হয়। শীত নিবারণের জন্য কিছু কম্বলও জোগাড় করে সে। কম্বলের মধ্যে শীত নিবারণের জন্য দাদি ও সে জড়াজড়ি করে থেকেছে। ভূমিকম্প ও সুনামিবিধ্বস্ত মিয়াগি জেলার উপকূলীয় ইশিনোমাকি শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোর জানায়, ‘ধ্বংসস্তূপের মধ্যে আমরা ফ্রিজ থেকে পানি ও হালকা খাবার জোগাড় করতে সক্ষম হই। সেখান থেকে বাইরের মানুষের গলা শুনতে পেলেও আমরা তাদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হইনি।’ জিন আরও জানায়, তারা ছোট একটা জায়গার মধ্যে বন্দী ছিল। সেখানে হাঁটাচলা তো দূরের কথা, উঠে দাঁড়ানোর মতো সুযোগ ছিল না।শেষ পর্যন্ত গত রোববার সে হামাগুড়ি দিয়ে ইট-কাঠের টুকরো সরিয়ে সেখানের টহল পুলিশকে তার অবস্থান জানাতে সক্ষম হয়। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অ্যাবের বাবা আকিরা জানান, আমি কখনোই আশা ছাড়িনি। আমি বিশ্বাস করতাম, তাঁরা কোথাও না কোথাও জীবিত রয়েছে। সরকারি মুখপাত্র ইউকিও এদানো জানান, এ রকম প্রতিকূল পরিস্থিতিতে এত দিন জীবিত থাকার ঘটনায় তিনি বিস্মিত। ঘটনাটি এখনো নিখোঁজ রয়েছে এমন মানুষের স্বজনদের জন্য খুবই আশাব্যঞ্জক। এপি, এএফপি।