নয় পর্বের নির্বাচন কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ১৬তম সাধারণ নির্বাচন শুরু হচ্ছে আগামীকাল সোমবার। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক ব্যবস্থার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩ আসনের এ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে মোট নয় দফায়। ভোট গ্রহণ শেষ হবে ১২ মে। ১৬ মে ফলাফল ঘোষণার সম্ভাবনা রয়েছে। লোকসভার পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওডিশা ও সিকিম রাজ্যের বিধানসভা নির্বাচনেও ভোট গ্রহণ করা হবে।

নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চাকে (ইউপিএ) হারিয়ে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) জয়লাভের সম্ভাবনা প্রবল। তবে নির্বাচনের ফলাফলে পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্রসহ কয়েকটি রাজ্যের আঞ্চলিক দলগুলো বেশ প্রভাব বিস্তার করবে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচনে ভোটার ৮১ কোটি ৪৫ লাখ। ভোটকেন্দ্রের সংখ্যা প্রায় নয় লাখ ৩০ হাজার। ভোটাররা ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট দেবেন। ২০০৪ সালে দেশটিতে প্রথমবারের মতো এ যন্ত্রের সাহায্যে ভোট গ্রহণ করা হয়।

আগামীকাল ভোট গ্রহণ করা হবে আসাম ও ত্রিপুরার ছয়টি আসনে। সর্বশেষ ১২ মে ভোট গ্রহণ হবে বিহার, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গের ৪১টি আসনে। রয়টার্স, বিবিসি ও এএফপি।