নয়াদিল্লিতে এবার গণধর্ষণের শিকার ডেনিশ নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত মঙ্গলবার রাতে ডেনমার্কের একজন নারী গণধর্ষণের শিকার হয়েছেন। গতকাল বুধবার নয়াদিল্লির পুলিশসহ বিভিন্ন সূত্র এ খবর দিয়েছে।
ওই নারী (৫১) গতকাল সকালে দেশে ফিরে গেছেন। এর আগে তিনি ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করাতে অস্বীকৃতি জানান বলে দাবি করে পুলিশ। আইনি কারণে তাঁর নাম প্রকাশ করা হয়নি।
সপ্তাহ খানেক আগে ভারতে এসেছিলেন ওই নারী। নয়াদিল্লির পাহাড়গঞ্জ এলাকার একটি হোটেলে অবস্থান করছিলেন তিনি। মঙ্গলবার দিনের কোনো এক সময় হোটেল থেকে বের হওয়ার পর কাজ শেষে রাতে হোটেল ফিরছিলেন তিনি। একপর্যায়ে তিনি পথ হারিয়ে ফেলেন। পরে তিনি হোটেলে যাওয়ার জন্য নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের অবস্থান জানতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে জিজ্ঞেস করেন।
ওই নারীর অভিযোগ, রাস্তার পাশের ছয়জন ব্যক্তি তাঁকে স্টেশনে নিয়ে যাওয়ার কথা বলে একটি নির্জন সড়কে নিয়ে যায়। সেখানে তাঁর কাছে থাকা মুঠোফোন, অর্থ ও অন্য জিনিসপত্র কেড়ে নেওয়ার পর ধর্ষণ করে। পরে ওই নারী তাঁর এক বন্ধুর কাছে ফোন করলে ওই বন্ধু তাঁকে উদ্ধার করে হোটেলে নিয়ে যান। এএফপি ও টাইমস অব ইন্ডিয়া।