নয়াদিল্লিতে খাদ্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল বুধবার খাদ্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও তাদের মিত্র দলগুলোর নেতা-কর্মীরা এই বিক্ষোভ করেন।বিজেপিসহ অন্যান্য বিরোধী দলের প্রায় ২০ হাজার নেতা-কর্মী নয়াদিল্লির বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন। দুর্নীতি দমনে সরকারের ব্যর্থতার কথা তুলে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। দ্রব্যমূল্য বৃদ্ধি, বিশেষ করে পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভকারীরা স্লোগান দেন। বিক্ষোভে অংশ নেওয়া অনেক নারী ও শিশুর গলায় পেঁয়াজের মালা দেখা যায়।বিজেপির মুখপাত্র প্রকাশ জাভদেকার বলেন, এটি হচ্ছে জনরোষের বহিঃপ্রকাশ। এর মধ্য দিয়ে দুর্নীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ শুরু হলো। নয়াদিল্লিতে গতকাল বিজেপি নেতা এল কে আদভানি বলেন, ‘আজ (বুধবার) থেকে দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান শুরু হলো। এখন থেকে প্রধানমন্ত্রী আমাদের আক্রমণের মুখে থাকবেন।’দুর্নীতির কেলেঙ্কারির জের ধরে টেলিকমমন্ত্রী এ রাজা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অশোক চৌহানের পদত্যাগ এবং কয়েকজন সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তারের পর জোট সরকার খুব চাপের মধ্যে রয়েছে। জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে ক্ষমতাসীন জোট যখন তৎপর, সে সময় বিরোধী দলগুলোর এই বিক্ষোভ তাদের নতুন করে চাপের মুখে ফেলেছে। এর মধ্যে সরকারকে আরও বেকায়দায় ফেলেছে দ্রব্যমূল্য বৃদ্ধি। বিশেষ করে পেঁয়াজের দাম। পেঁয়াজের দাম এক লাফে দ্বিগুণের বেশি হয়েছে। কিছুদিন আগেও পেঁয়াজ ভারতীয় মুদ্রায় প্রতি কেজি ৩৫ থেকে ৪০ রুপিতে বিক্রি হতো। এখন তা বিক্রি হচ্ছে ৮০ রুপি করে।কয়েক দিনের ব্যবধানে পেঁয়াজের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে প্রধানমন্ত্রী মনমোহন সিং গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পেঁয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি। পেঁয়াজের মূল্য কমাতে গতকাল সরকার এর ওপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহার করেছে। ভারতীয় রাজনীতিতে পেঁয়াজের মূল্যবৃদ্ধির ঘটনা বড় ধরনের বিরূপ প্রভাব রাখার পূর্ব নজির রয়েছে। ১৯৯৮ সালে পেঁয়াজের দাম বাড়ার জের ধরে তৎকালীন বিজেপি সরকার বড্ড বেকায়দায় পড়ে যায়।সে কথা মাথায় রেখে সরকার এর মধ্যে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে সরকার হুঁশিয়ার করেছে, পেঁয়াজ উৎপাদনের জন্য প্রসিদ্ধ স্থান বলে পরিচিত দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের কারণে কয়েক সপ্তাহ এটির দাম বাড়তি থাকবে। এএফপি, রয়টার্স, বিবিসি।