নয়াদিল্লিতে নিরাপত্তা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী হামলা হতে পারে, এমন খবরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রসহ চারটি দেশ গত শনিবার ভারতকে সন্ত্রাসী হামলার ব্যাপারে সতর্ক করে দেয়। অন্য তিনটি দেশ হচ্ছে অস্ট্রেলিয়া, ব্রিটেন ও কানাডা। গতকাল রোববার পুলিশ এ কথা জানায়। খবর রয়টার্স, বিবিসি। নয়াদিল্লি পুলিশের মুখপাত্র রাজন ভগত বলেন, আমরা কেবল নয়াদিল্লির বিভিন্ন বাজার ও বিপণিকেন্দ্রগুলোর দিকে নজর দিচ্ছি না, জনবহুল সব এলাকায় কঠোর নজরদারি রাখছি। রাজন ভগত আরও বলেন, কন্নট প্লেস, মেহরোলি, ক্যারলবাগ, সরোজিনিনগর ও চাঁদনীচকের মতো সব মার্কেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এমনকি শহরের ভেতরে এবং আশপাশের বড় বিপণিকেন্দ্রগুলোতে লোকজনের দেহ, ব্যাগ ও সঙ্গে থাকা মালামালে তল্লাশি চালানো হচ্ছে। রাজন ভগত আরও বলেন, যদি কোনো সন্দেহজনক বস্তু, ব্যক্তি বা যানবাহন দেখা যায়, তাহলে সে তথ্য দ্রুত নিকটবর্তী পুলিশ স্টেশনকে জানাতে বলা হয়েছে অথবা জনগণকে ‘১০৯০’ নম্বরে ফোন করতে বলা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া ভারত সফরের ব্যাপারে সেসব দেশের নাগরিকদের সতর্ক করেছে। যুক্তরাষ্ট্র বুধবার জানায়, সন্ত্রাসীরা নয়াদিল্লির কয়েকটি জনপ্রিয় বিপণিবিতানে হামলার পরিকল্পনা করছে। বিশেষ করে যেসব বিপণিবিতানে বিদেশিদের ভিড় থাকে। অস্ট্রেলিয়া দূতাবাস জানায়, তাদের কাছে নয়াদিল্লিতে সম্ভাব্য হামলার নিশ্চিত ও নির্ভরযোগ্য তথ্য আছে। ভারতের পুলিশ কর্মকর্তারা জানান, তাঁরা এ সতর্কবার্তা গুরুত্বের সঙ্গে নিয়েছেন। কেননা অক্টোবরে নয়াদিল্লিতে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে।