নয়াদিল্লিতে যুক্তরাজ্যের দুই নাগরিক গ্রেপ্তার
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিটিশ দুই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সন্দেহজনক আচরণের কারণে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।হিন্দুস্থান টাইমস জানিয়েছে, চল্লিশোর্ধ্ব স্টিফেন হ্যাম্পস্টন ও ৫৬ বছর বয়সী স্টিভেন মার্টিনকে গত সোমবার রাতে নয়াদিল্লি বিমানবন্দরের কাছে র্যাডিসন হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। এনডিটিভি নিউজ চ্যানেল জানিয়েছে, দুজনের কাছ থেকে পুলিশ রাডারসদৃশ যন্ত্র উদ্ধার করেছে, যা দিয়ে দূর থেকে বিমান শনাক্ত করা সম্ভব। এ ছাড়া বিমানবন্দরের একটি মানচিত্রও তাঁদের কাছে পাওয়া গেছে।তবে পুলিশের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তাঁদের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাঁদের দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।উল্লেখ্য, গত শনিবার পশ্চিমাঞ্চলীয় পুনে শহরের একটি রেস্তোরাঁয় ভয়াবহ বোমা হামলার পর দেশজুড়ে সতর্কাবস্থা জোরদার করা হয়েছে। এ হামলায় দুজন বিদেশিসহ নয়জন নিহত হয়েছেন।