ভারতের বিশিষ্ট সমাজকর্মী আনা হাজারে দুর্নীত রোধে লোকপাল বিলের মতো আইন চালু করার দাবিতে গত মঙ্গলবার থেকে নয়াদিল্লির যন্তর-মন্তরে আমরণ অনশন শুরু করেছেন। এমন একটি বিল তৈরি করে তা অনুমোদন করলে দেশে দুর্নীতির বিরুদ্ধে শাস্তি আরও কঠোর হবে। অনশন শুরু করার আগে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি দেন আনা হাজারে। হাজারে বলেন, এটি হচ্ছে দ্বিতীয় সত্যাগ্রহ। রাজঘাট ও যন্তর-মন্তরে শত শত সমর্থক আনা হাজারের সঙ্গে যোগ দেন। এ সময় দুর্নীতি দমনে লোকপাল বিলের খসড়া তৈরির দাবিতে প্ল্যাকার্ড বহন করেন তাঁরা।৭২ বছর বয়সী আনার সঙ্গে উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন রাইট টু ইনফরমেশনের (আরটিআই) কর্মী অরিন্দ কেজরিওয়াল, স্বামী অগ্নিবেশ, ম্যাগসাইসাই পুরস্কারজয়ী কিরণ বেদী ও সন্দীপ পান্ডে।দুর্নীতি-বিরোধী আন্দোলন ইন্ডিয়া অ্যাগেইনস্ট করাপশন সূত্রে জানা গেছে, আনা হাজারের কর্মসূচির প্রতি সমর্থন জানাতে পাঁচ হাজারের বেশি সমর্থক মঙ্গলবার যন্তর-মন্তরে উপস্থিত ছিলেন। বিজেপি নেত্রী মনেকা গান্ধী ও প্রকাশ জাভাদেকারও সেখানে যান। তবে তাঁরা কোনো বক্তব্য দেননি।গত সোমবার আনা হাজারে বলেন, দুর্নীতি-বিরোধী লোকপাল বিলের খসড়ায় সুশীল সমাজকে সম্পৃক্ত করার দাবিতে তিনি আমরণ অনশন শুরু করছেন। তিনি বলেন, ‘বিলের খসড়ায় আমরা সুশীল সমাজের প্রতিনিধিত্ব চাই। এতে ৫০ শতাংশ থাকবে সুশীল সমাজের ব্যক্তি, বাকি ৫০ শতাংশ থাকবে সরকারের প্রতিনিধিরা। জনগণের অংশগ্রহণ ছাড়া সরকার যদি এই বিলের খসড়া তৈরি করে, তাহলে তা গণতান্ত্রিক হবে না। তা হবে স্বেচ্ছাচারিতা।’হাজারের অনশনের সিদ্ধান্তের ব্যাপারে গত সোমবার প্রধানমন্ত্রী মনমোহন সিং গভীর হতাশা প্রকাশ করেন। তবে তিনি বলেন, এই সমাজকর্মী ও তাঁর কর্মকাণ্ডের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে তাঁর।হাজারের কর্মসূচির সমর্থনে মঙ্গলবার ভারতের চার শতাধিক নগর ও শহরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।