নয়াদিল্লিতে সিপিএমের তোপের মুখে মমতা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মঙ্গলবার সিপিএম ও এর ছাত্রসংগঠন এসএফআইয়ের নেতা-কর্মীদের তোপের মুখে পড়েছেন। একই সময় লাঞ্ছিত হয়েছেন তাঁর অর্থমন্ত্রী অমিত মিত্র।রাজ্যের বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দিতে গতকাল বিকেল পৌনে চারটার দিকে মমতা তাঁর কয়েকজন মন্ত্রীকে নিয়ে নয়াদিল্লির পরিকল্পনা কমিশন ভবনে পৌঁছান। এ সময় সিপিএম ও এর ছাত্রসংগঠন এসএফআইয়ের ১৫০ জনের বেশি নেতা-কর্মী কলকাতায় পুলিশ হেফাজতে এসএফআইয়ের নেতা সুদীপ্ত ঘোষের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করছিলেন। এ পরিস্থিতিতে পুলিশ মমতাকে গাড়িতে করেই পরিকল্পনা ভবনের ভেতরে যাওয়ার পরামর্শ দেয়। তবে মমতা গাড়ি থেকে নেমে হেঁটেই ভেতরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিক্ষোভকারীরা তাঁকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করেন।একপর্যায়ে মমতা ভেতরে ঢুকে পড়লেও অমিত মিত্র বিক্ষোভকারীদের রোষানলে পড়েন। এ সময় বিক্ষোভকারীরা তাঁকে ধাক্কা দেন এবং টানাহেঁচড়া করেন। এতে তাঁর জামা ছিঁড়ে যায়।পরে মমতা ওই ঘটনায় সাংবাদিকদের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, ‘দুর্বৃত্তরা আমার মন্ত্রীকে লাঞ্ছিত করেছে। এটা কলঙ্কজনক।’ পিটিআই।