নয়াদিল্লির গণধর্ষণ মামলাটি দ্রুত বিচার আদালতে
নয়াদিল্লিতে চলন্ত বাসে মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণ ও হত্যা মামলাটি গতকাল বৃহস্পতিবার দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা হয়েছে। ২১ জানুয়ারি দ্রুত বিচার আদালতে এ মামলার শুনানি শুরু হবে।মামলার ছয় আসামির মধ্যে পাঁচজনের বিচার চলছে এবং ষষ্ঠ আসামির বয়স ১৭ হওয়ায় আলাদাভাবে তার বিচার হবে কিশোর আদালতে।বিচারে দোষী প্রমাণিত হলে ওই পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড হতে পারে। আদালত সূত্রে জানা গেছে, ২১ জানুয়ারি দ্রুত বিচার আদালতে মামলাটির শুনানি শুরু হতে পারে।কারাগারে বন্দীরা পেটালেন এক আসামিকে: এদিকে ছাত্রীকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত এক আসামিকে কারাগারে পিটুনি দিয়েছেন বন্দীরা। তাঁর আইনজীবী গতকাল বৃহস্পতিবার এই অভিযোগ করেন। গত ১৬ ডিসেম্বর মেডিকেলের ওই ছাত্রীকে ধর্ষণ এবং তাঁর ছেলেবন্ধুসহ তাঁকে মারধরের পর চলন্ত বাস থেকে ছুড়ে ফেলে দেয় ওই আসামিরা।ঘটনার দুই সপ্তাহ পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২৩ বছরের ওই মেডিকেল ছাত্রী। রয়টার্স, এএফপি।