পঞ্চায়েত নির্বাচন, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানাবে পশ্চিমবঙ্গ সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে গতকাল শুক্রবার কলকাতা হাইকোর্টের ঘোষিত রায়ে সন্তুষ্ট হতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। হাইকোর্ট রাজ্য সরকারের সব দাবি কার্যত খারিজ করে দেওয়ায় রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ জানাবে। আগামী সোমবার এ নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হবে তৃণমূল নেতৃত্বাধীন সরকার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পঞ্চায়েত নির্বাচন আগামী বছরের মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাজ্য সরকার নির্বাচন কমিশনকে এড়িয়ে দুই পর্বে নির্বাচনের তারিখ ঘোষণা করে। এ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বিরোধ সৃষ্টি হয়।

রাজ্য সরকার চেয়েছিল, নির্বাচন দুই দিনে এবং কেন্দ্রীয় বাহিনী বাদ দিয়ে রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন করতে। এটা মানতে পারেনি নির্বাচন কমিশন। এর জের ধরে কমিশন কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়।

পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের একক বেঞ্চে শুনানি শেষে গতকাল এই মামলার রায় ঘোষিত হয়। রায়ে বলা হয়, নির্বাচনের তারিখ এবং তফসিল ঘোষণা করবে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোট হবে তিন দফায়। নির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে। এ জন্য আনতে হবে ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যদিও মমতা চেয়েছিলেন, রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন করাতে। নির্বাচন হবে জুন মাসে। নির্বাচনের খরচ ২০৯ কোটি রুপি দিতে হবে রাজ্য সরকারকে, যদিও রাজ্য সরকার নির্বাচন কমিশনকে দিতে চেয়েছিল ১০০ কোটি রুপি।

আদালতের নির্দেশে আরও বলা হয়, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো প্রার্থী সমস্যায় পড়লে, ওই প্রার্থী বা প্রার্থীদের নিরাপত্তা দিতে হবে রাজ্য সরকারকে। এই রায় শোনার পর পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেছেন, তাঁরা রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছেন।