পঞ্চায়েত নির্বাচনে জয়ের পথে তৃণমূল
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে নিশ্চিত জয়ের পথে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। আজ সোমবার নির্বাচনের ফল প্রকাশ শুরু হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফল ঘোষিত দুই হাজার ৩০৪টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল পেয়েছে এক হাজার ৪৩০টি। বাম ফ্রন্ট পেয়েছে ৫৯৩ টি, কংগ্রেস ২৫০, বিজেপি ছয় ও অন্য দলগুলো পেয়েছে ২৫টি গ্রাম পঞ্চায়েত।
এদিকে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোট গণনা শুরু হলেও এখনো ফল প্রকাশ শুরু হয়নি। ব্যালটের মাধ্যমে ভোট নেওয়ায় পঞ্চায়েতের সব আসনের ফল পেতে অনেক রাত হয়ে যেতে পারে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
কমিশন জানায়, ত্রিস্তর পর্যায়ের ওই নির্বাচনে তিনটি ব্যালটে ভোট দিয়েছেন ভোটাররা। প্রথমে গ্রাম পঞ্চায়েত এবং পরে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোট গণনা করা হবে।
পশ্চিমবঙ্গে তিন হাজার ৩২৯টি গ্রাম পঞ্চায়েতে আসন আছে ৪৮ হাজার ৮০০টি। ৩৪১টি পঞ্চায়েত সমিতিতে আসন আছে নয় হাজার ২৪০ এবং ১৭টি জেলা পরিষদে আসন আছে ৮২৫টি।
পাঁচ দফায় ওই নির্বাচন হয় ১১, ১৫, ১৯, ২২ ও ২৫ জুলাই। নির্বাচনে বিভিন্ন পর্যায়ে সহিংসতায় ৩৭ জন নিহত হয়েছে।