পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের তিন স্তরের পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। 

নির্বাচন হওয়া তিন হাজার ২১৫টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল পেয়েছে এক হাজার ৮২০টি পঞ্চায়েত। বামফ্রন্ট পেয়েছে ৭৬০ আর কংগ্রেস পেয়েছে  ২৪২টি পঞ্চায়েত। এ ছাড়া বিজেপি পাঁচটি ও বাকি দলগুলো পেয়েছে ১৬টি গ্রাম পঞ্চায়েত। এখনো কিছু পঞ্চায়েতের ফলাফল অমীমাংসিত রয়েছে । 

এদিকে নির্বাচনোত্তর সহিংসতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে তৃণমূলের কর্মীদের হাতে কংগ্রেসের তিন কর্মী নিহত হয়েছেন। তাঁদের বাড়ি জলপাইগুড়ির আলীপুরদুয়ারে, মালদহের কালিয়াচক এবং কোচ বিহারের পাতলাখাওয়ায়। এই হামলায় শতাধিক সিপিএম ও কংগ্রেসের কর্মী শাসকদলের হাতে আহত হয়েছে।

এ নিয়ে নির্বাচনের আগে ও পরে ৩৮ জন নিহত হয়েছেন।

সর্বশেষ খবরে জানা আরও জানা যায়, নির্বাচন হওয়া ৩৩০টি পঞ্চায়েত সমিতির ২২০টিতে জিতেছে তৃণমূল, ৭০টিতে বামফ্রন্ট এবং ২০টিতে কংগ্রেস। বাকিগুলোতে ফলাফল অমীমাংসিত রয়েছে। আর ১৭টি  জেলা পরিষদের মধ্যে ১৩টিতে তৃণমূল, একটিতে বামফ্রন্ট, একটিতে কংগ্রেস এবং দুটিতে অমীমাংসিত ফলাফল হলেও সংখ্যাগরিষ্ঠ রয়েছে বামফ্রন্ট।  

পশ্চিমবঙ্গে তিন হাজার ৩২৯টি গ্রাম পঞ্চায়েতে আসন রয়েছে ৪৮ হাজার ৮০০টি। ৩৪১টি পঞ্চায়েত সমিতিতে আসন রয়েছে নয় হাজার ২৪০ এবং ১৭টি জেলা পরিষদে আসন রয়েছে ৮২৫টি। এবারের নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে এক লাখ ৩৮ হাজার ৭৩২ জন, পঞ্চায়েত সমিতিতে ২৮ হাজার ৮৪৭ জন এবং জেলা পরিষদে চার হাজার ১৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

তিন স্তরের এই পঞ্চায়েত নির্বাচন হয় পাঁচ দফায়। ১১, ১৫, ১৯, ২২ এবং ২৫ জুলাই।

এবারের নির্বাচনে সরকারি দলের বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাস, বুথ দখল ও জাল ভোটের আশ্রয় নেওয়ার অভিযোগ তুলেছিল বিরোধী বাম দল, কংগ্রেস ও বিজেপি। অভিযোগ ওঠে মনোনয়নপত্র জমা দিতেও বাধা দেওয়া হয় শাসকদলের পক্ষ থেকে। এর ফলে গ্রাম পঞ্চায়েতের পাঁচ হাজার ৩৭৮টি, পঞ্চায়েত সমিতির ৮৮১টি আসন এবং জেলা পরিষদের ১৫টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয় প্রার্থীরা। এই প্রার্থীদের ৯৮ শতাংশই ছিল তৃণমূল কংগ্রেসের।

এদিকে পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যজুড়ে শুরু হয়েছে নির্বাচনোত্তর সংঘর্ষ। শাসক দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন জেলায় বিরোধী সিপিএম ও কংগ্রেসের অফিস ভাঙচুর করেছে। হামলা করেছে সিপিএম এবং কংগ্রেসের কর্মী-সমর্থকদের  ওপর। ভাঙচুর করেছে বাড়িঘর, দোকানপাট।