পঞ্চাশে শুরু হয় সুখের স্বর্ণযুগ!
মানুষের সুখের দিন শুরু হয় ৫০ বছর বয়সে। এ বয়সটা তাঁদের সুখের স্বর্ণযুগ। কারণ এ সময়ের মধ্যে জীবন তাঁদের অভিজ্ঞতায় টইটম্বুর। তত দিনে নানা দিক থেকে নির্ভার হয়ে উঠেছেন। পরিবার-পরিজনের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ হাতে এসেছে। এক গবেষণায় এসব তথ্য পাওয়া গেছে।গবেষকদের দাবি, যাঁরা ইতিমধ্যে বয়সের হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন, তাঁরা জীবনের এই পর্যায়ে সবচেয়ে সুখ ও সমৃদ্ধির দেখা পান। আনন্দময় জীবনযাপন করেন। ছেলেমেয়েরাও বড় হয়ে উঠেছে। নানা দিক থেকেই তাঁরা হয়ে উঠেছেন ভাবনাহীন। জীবনের এই পর্যায়ে তাঁরা প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর অবসর পান। ডেইলি মিরর-এর প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। ওই গবেষণায় দেড় হাজার মানুষকে নানা প্রশ্ন করা হয়েছে। তাঁদের প্রত্যেকের বয়স ৫০ কিংবা এরও বেশি। তাঁদের ১০ জনের মধ্যে চারজনই নিজেদের পরিতৃপ্ত মনে করেন।৫০ বছর বয়সী এই মানুষদের দুই-তৃতীয়াংশই নিজেদের অনেক বেশি আত্মবিশ্বাসী গণ্য করেন। ৮৫ শতাংশ জানান, ২০ বছর বয়সে যেসব বিষয় নিয়ে তাঁরা উদ্বিগ্ন ছিলেন, এই পর্বে এসে সেসব বিষয় গুরুত্বহীন মনে হয়। এদের এক-তৃতীয়াংশই জানিয়েছেন, তাঁরা শরীরের গঠন ও নিজেদের ভাবমূর্তি নিয়ে এখন আর উদ্বিগ্ন নন।যাঁরা অসুখী, তাঁদের ৫০ শতাংশেরও বেশি অর্থনৈতিক অবস্থা ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের এক-তৃতীয়াংশেরও বেশি মানুষের উদ্বেগ তাঁদের সন্তানদের অর্থনৈতিক অবস্থা নিয়ে। পিটিআই অনলাইন।