পঞ্চাশোর্ধ্বদের জীবনসঙ্গী খুুঁজে পাওয়ার মেলা!
পঞ্চাশে জীবনসঙ্গী হারিয়ে যাঁরা একাকী, নতুন করে তাঁদের জীবনসঙ্গীর ভাবনা সমাজের কাছে ‘বুড়ো বয়সে ভীমরতি’র মতোই। কিন্তু এ বয়সে যৌনতা নয়, তাঁদের দরকার সঙ্গ। তাঁদের এমন একজনকে দরকার, যাঁর সঙ্গে বাকি জীবনটা আনন্দে কাটাতে পারবেন।এমন উপলব্ধি থেকে ভারতের আহমেদাবাদের মেহেন্দি নওয়াজ মিলনায়তনে গত রোববার বসেছিল এক অভিনব মেলা। পঞ্চাশ বা পঞ্চাশোর্ধ্ব যাঁরা জীবনসঙ্গী হারিয়ে একাকিত্ব জীবন কাটাচ্ছেন, তাঁদের জীবনসঙ্গী মিলিয়ে দেওয়াই ছিল এ মেলার উদ্দেশ্য।মেলায় আসাম, কর্নাটক ও গুজরাট থেকে আসা অন্তত সাতজন তাঁদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন। তাঁদের অনেকে দাম্পত্যজীবন শুরুর আগে কিছুদিনের জন্য বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছেন।মেলার আয়োজক বেসরকারি প্রতিষ্ঠান ‘বিনা মূল্যে অমূল্য সেবা’র প্রতিষ্ঠাতা নাটুভাই প্যাটেল বলেন, ‘কেউ কেউ আমাদের এ আয়োজনকে বাড়াবাড়ি বলছেন। কিন্তু আমরা এটাকে একটা নতুন চিন্তা হিসেবে দেখছি।’মেলায় নতুন জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন আহমেদাবাদের ৬২ বছর বয়সী বিপত্নীক জিতেন্দ্র। ৫২ বছর বয়সী অমি পাণ্ডেকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি রীতিমতো উচ্ছ্বসিত। জিতেন্দ্র বলেন, ‘বিলাসিতার সবকিছুই আমার আছে। কিন্তু অনুভূতিগুলো প্রকাশ করার জন্য আমার কাউকে দরকার ছিল। আমি তাঁকে পেয়েছি।’৬০ বছর বয়সী নাটু ঠ্যাকার জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন ৫৩ বছর বয়সী জ্যোৎস্না দেবকে। নাটু ঠ্যাকার বলেন, ‘এ বয়সে যৌনতা বিবেচ্য নয়; আমার দরকার সঙ্গ। আমার এমন একজনকে দরকার, যাঁর সঙ্গে আমি জীবনের বাকি সময়টা কাটাতে পারি।’ মেলায় জীবনসঙ্গীর খোঁজে ৩৫০ জনের বেশি লোক এসেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ব্যবসায়ী, সাংবাদিক, সংগীতশিল্পী, কোম্পানি পরিচালক, কৃষক, শিক্ষকসহ প্রায় সব পেশা ও ধর্মের মানুষ। তাঁদের মধ্যে ৭০ জন ছিলেন নারী।মেলায় আসা মোহাম্মদ ইসমাইল শেখ (৫৬) বলেন, ‘আমার স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর আমি একাকিত্ব অনুভব করছিলাম। আমার সন্তানেরা তাঁদের জীবন নিয়েই ব্যস্ত।’ ৭৮ বছর বয়সী প্রভাত রাওয়াল বলেন, ‘অনেকে বিষয়টি নিয়ে হাসাহাসি করেন। তাঁরা বলেন, এই বয়সে এসব কেন? তবে আমি বলি, কেন নয়? আমার যথেষ্ট অর্থনৈতিক সচ্ছলতা রয়েছে এবং আমি আমার জীবনের বাকি সময়টুকু কারও সঙ্গে আনন্দে কাটাতে চাই।’ টাইমস অব ইন্ডিয়া।