পণ্য বাণিজ্যে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষে চীন!
চীনের কর্তৃপক্ষ দাবি করেছে, গত বছর সারা বিশ্বে পণ্য বাণিজ্যে ‘খুব সম্ভবত’ যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থান দখল করেছে তারা। কয়েক দশক ধরে এ স্থানটি যুক্তরাষ্ট্রের দখলে রয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত বছর চীনের পণ্য বাণিজ্যের বার্ষিক হার সাত দশমিক ছয় শতাংশ বেড়ে চার লাখ ১৬ হাজার কোটি ডলারে দাঁড়ায়। যুক্তরাষ্ট্র এখনো গত বছরের বার্ষিক পণ্য বাণিজ্যসংক্রান্ত তথ্য প্রকাশ করেনি। তবে আগামী মাসে তা প্রকাশ করার কথা রয়েছে। গত বছরের প্রথম ১১ মাসে দেশটি মোট তিন লাখ ৫০ হাজার কোটি ডলারের পণ্য বাণিজ্য করেছিল।
সারা বিশ্বে পণ্য রপ্তানিতে চীন ২০০৯ সালে শীর্ষ স্থান দখল করে। দেশটির অর্থনীতির উন্নতির সঙ্গে পাল্লা দিয়ে আমদানিও বেড়েছে। চীনের শুল্ক বিভাগের মুখপাত্র ঝেং ইউয়েশেং বলেছেন, খুব সম্ভবত সারা বিশ্বে পণ্য বাণিজ্যে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থান দখল করেছে চীন। পণ্য বাণিজ্যে দুই দেশের মধ্যে গত বছর গড় পার্থক্য ছিল অন্তত ২৫ হাজার কোটি ডলার।
গত বছরের মে মাসে চীনের বিদেশি বিনিময় নিয়ন্ত্রক স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব ফরেন এক্সচেঞ্জ (এসএএফই) জানিয়েছিল, রপ্তানি খাতে কড়া নিরীক্ষণ করা হবে। কোনো কারখানা তাদের পণ্য রপ্তানি বিষয়ে মিথ্যা তথ্য দিলে বড় ধরনের জরিমানা করা হবে। বেইজিংয়ের এইচএসবিসির অর্থনীতিবিদ সান জুনউই বলেছেন, রপ্তানি বিষয়ে তথ্য নিরীক্ষণে কড়াকড়ি আরোপ ভুয়া বাণিজ্যের পরিমাণ কমিয়ে আনবে।
গত বছর চীনের বার্ষিক রপ্তানির হার সাত দশমিক নয় শতাংশ বেড়েছে। বিবিসি।