পথভোলা এক অতিথি
বিকেলের নরম আলোয় হঠাৎ ঘরে ঢুকে পড়ল এক অতিথি। আনমনে হেঁটে বেড়াল কিছুক্ষণ। মাথা নিচু করে দাঁড়াল। তারপর বেরিয়ে গেল।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা মিসেস সু লিচ জানান, গত সোমবার বিকেলে তিনি রান্না করছিলেন। হঠাৎ স্বামী পিটার চেঁচিয়ে বলেন, ‘দেখো, আমরা একজন আগন্তুক পেয়েছি।’
অবাক হয়ে সু দেখেন, একটি বড়সড় কেশোয়ারি পাখি ঘরে ঢুকে পড়েছে। বসার ঘর পেরিয়ে খাবার ঘরে ঘুরে বেড়াচ্ছে আপনমনে। কিছুক্ষণ খাওয়ার টেবিলের পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। যেন কত কী ভাবল।
কেশোয়ারি পাখি সাধারণত নিউ গিনি ও অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে দেখা যায়। এরা আকারে বড়। উড়তে পারে না। খুব দ্রুত ছুটতে পারে। ঘণ্টায় ৫০ কিলোমিটার বেড়ে দৌড়ায়। রেগে গেলে হিংস্র হয়ে ওঠে। ছুরির মতো লম্বা ধারাল নখ দিয়ে আক্রমণ করে বসে। সে আক্রমণ ভয়ংকর। মৃত্যুও হতে পারে।
সু বলেন, কেশোয়ারি পাখিটিকে তাঁরা পিনাট নামে ডাকেন। পাখিটি যখন ছোট ছিল, তখন থেকেই চেনা। তাঁদের বাসার বাগানে ঘোরাঘুরি করত। এই প্রথম সে বাড়ির ভেতরে ঢুকল। তাই তিনি ও তাঁর স্বামী পিটার প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন। যদি পাখিটি আক্রমণ করে বসে। কিন্তু পাখিটি খুব ভালো ব্যবহারই করেছে তাদের সঙ্গে। এমনকি খাওয়ার টেবিলের ওপর রাখা ফলের ঝুড়িটিও ধরেনি। সু’র ধারণা, কেশোয়ারি পাখিটি পথ ভুলেই ঘরে ঢুকেছিল।